অর্থনৈতিক অঞ্চলের পরামর্শক হল নিপ্পন কোয়ে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘জাপানি অর্থনৈতিক অঞ্চল’ উন্নয়নে পরামর্শক হিসাবে নিয়োগ পেয়েছে জাপানি প্রতিষ্ঠান নিপ্পন কোয়ে।
বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী নিপ্পন কোয়ে, কোয়ে রিসার্চ এন্ড কনসাল্টিং ইঙ্ক এবং নিপ্পন কোয়ে বাংলাদেশ যৌথভাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলটির পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
বেজা কার্যালয়ে প্রতিষ্ঠানের পক্ষে এর ব্যবস্থাপক সালেহ আহমেদ এবং নিপ্পন কোয়ের পক্ষে মাসায়ুকি ফুজি চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়নগঞ্জের আড়াইহাজারে এক হাজার একর জমির ওপর জাপানি এ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠবে। এটি হবে দেশের প্রথম জিটুজি-ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। এ পরিকল্পনাকে সামনে রেখে পাঁচশ’ একর জমি অধিগ্রহণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকী অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সভাপতিত্ব করেন।
