২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্ড-অনলাইনেও দেওয়া যাবে যুক্তরাজ্যের ভিসা ফি

এখন থেকে যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীরা এটিএম কার্ড এবং অনলাইনেও ফি জমা দিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 08:37 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার যুক্তরাজ্যের ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বলা হয়, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া নিরাপদ, আরও আধুনিক ও কার্যকরী করার জন্য নেওয়া হয়েছে এ উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশে ঢাকা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রে ভিসা আবেদনকারীরা কার্ড অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে তাদের ভিসা ফি পরিশোধ করতে পারবেন।

এছাড়া ভিসা আবেদনকারীরা চাইলে ভিসা ফি নগদে পরিশোধ করতে পারবেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

যুক্তরাজ্যের ভিসা অ্যান্ড ইমিগ্রেশন জানিয়েছে, ২০১৮ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ হাজার বাংলাদেশি যুক্তরাজ্যের ভিসা নিয়েছেন, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি।

ভিসা গ্রহণকারীদের মধ্যে ৮৫ শতাংশ সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভিসা পাওয়া, না পাওয়ার সিদ্ধান্ত জানতে পেরেছেন।

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া নিয়ে কতোটা আগ্রহ রয়েছে, তা জানে যুক্তরাজ্য সরকার। এর কারণে এই প্রক্রিয়াকে যথাসম্ভব কার্যকরী করতে চাই আমরা।

”এই ঘোষণা সেই লক্ষ্যের গুরুত্বপূর্ণ একটি দিক। ভিসা সেবায় আধুনিক ও ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা গ্রাহকদের বাছাইয়ের সুযোগ এবং অর্থ প্রদানে নিরাপত্তায় বিশ্বাস যোগাচ্ছি।”