৩০ হাজার টাকায় হুয়াওয়ের ‘ওয়াইনাইনএস’ স্মার্টফোন
বাংলাদেশের বাজারে হাই-পারফরমেন্স ফিচারের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
ওয়াইনাইনএস (Y9s) নামের এই ফোনটির দাম পড়বে ৩০ হাজার টাকা।
রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্রিকেটার সাকিব আল হাসান মোবাইলটির মোড়ক উম্মোচন করেন।
এসময় হুয়াওয়ের আবাসিক প্রতিনিধি কেলভিন ইয়াং এবং পরিবেশক স্মার্ট টেকনোলজির এমডি জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২ ডিসেম্বর থেকে বাংলাদেশের বাজারে এই মোবাইলটি পাওয়া যাবে। তবে আগামী মঙ্গলবার থেকে ১ ডিসেম্বর পযর্ন্ত ফোনটির প্রি বুকিং নেওয়া হবে। ফোনাটির দাম রাখা হবে ২৯ হাজার ৯৯৯ টাকা।
অনুষ্ঠানে এই কোম্পানির আরো চারটি প্রিমিয়াম স্মার্ট গ্যাজেট ওয়াচ জিটি-২ এর দু’টি সংস্করণ, ফ্রিবাডস থ্রি, ব্যান্ড ফোর এবং ব্যান্ড ফোরই বাংলাদেশের বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়।
হুয়াওয়ে ওয়াচ জিটি ২ এর ক্লাসিক সংস্করনের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা এবং স্পোর্টস সংস্করণ ১৬ হাজার ৯৯৯ টাকা।
এছাড়াও ফ্রি বাডস থ্রি, ব্যান্ড ফোর ও ব্যান্ড ফোরই পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ২ হাজার ৬৯৯ টাকা ও ১ হাজার ৫৯৯ টাকায়।
হুয়াওয়ে ওয়াই নাইন এস প্রি-বুকিং করলে একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও গ্রামীণফোনের ডেটা বান্ডেল অফার রয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।
কেলভিন ইয়াং বলেন, “হুয়াওয়ে বাংলাদেশের বাজারকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশে হুয়াওয়ে ইকো-সিস্টেমের সব সেবার পণ্য নিয়ে আসা।তারই অংশ হিসেবে স্মার্টফোনের সাথে চারটি প্রিমিয়াম অ্যাক্সেসরিজ নিয়ে এসেছি।”
“এখন থেকে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তি পণ্য বাংলাদেশের বাজারে নিয়ে আসবো।”
অনুষ্ঠানে জানানো হয়, মোবাইল ফটোগ্রাফির জন্য ‘ওয়াইনাইনএস’ রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ট্রিপল এআই ক্যামেরা কনফিগারেশন।
প্রধান ক্যামেরাটি ছাড়াও আল্ট্রা ওয়াইড ও ডেপথ অব ফিল্ডের জন্য পেছনে থাকছে ৮ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।
৬.৫৯ ইঞ্চির বিশাল এ ডিসপ্লের ফোনটিতে কোনো নচ রাখা হয়নি। ব্রেথিং ক্রিস্টাল ও মিডনাইট ব্ল্যাকের সমাহারে আলোর বৈপরীত্যে ফোনটির পেছনের অংশের রঙের পরিবর্তন করে।
কোনোরকম ল্যাগিং ছাড়াই ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৬ জিবি র্যাম। এছাড়াও ইন্টারনাল স্টোরেজ নিয়ে বাড়তি চিন্তা কমাতে দেওয়া হয়েছে ১২৮ জিবির বিশাল রম।
অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। ফলে দীর্ঘসময় ব্যবহারের পরও চার্জ সংক্রান্ত দুশ্চিন্তা থাকবে না।
