২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসের মধ্যে তিন দেশের সঙ্গে এফটিএ: বাণিজ্যমন্ত্রী

তৈরি পোশাকসহ সার্বিক রপ্তানি বাড়াতে সরকার আগামী ছয় মাসের মধ্যে ভুটান, শ্রীলংকা এবং ইন্দোনেশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চুক্তি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2019, 08:20 PM

Updated : 18 Aug 2022, 06:08 PM

তাছাড়া পর্যায়ক্রমে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গেও এফটিএ করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই) আয়োজিত ‘ব্যবসা সহজীকরণ: ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিডার নির্বাহী চেয়ারম্যন মো. সিরাজুল ইসলাম, ‍উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সংসদ সদস্য সেলিমা আহমেদ সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, সম্প্রতি পোশাক রপ্তানিতে হারানো স্থান ফিরে পেতে সরকার কাজ করছে।

“আমরা বেশ কিছুদিন ধরে বলছিলাম বাংলাদেশ দুই নম্বর অবস্থান ধরে রাখতে পারবে না এবং সেটাই হল।

“এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী কাছে গিয়েছিলাম। তিনি এনবিআর চেয়ারম্যান ও অর্থসচিবের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।”

মন্ত্রী বলেন, “ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নসহ অনেকগুলো দেশের সঙ্গে এফটিএ করে রপ্তানি বাড়াচ্ছে। আমরাও চেষ্টা করছি। কিন্তু যে দেশেই যাই প্রথমে বলে কয়টা দেশের সঙ্গে চুক্তি করেছেন।

“এমন পরিস্থিতিতে আমরা আগামী ছয় মাসের মধ্যে শ্রীলংকা, ভুটান ও ইন্দোনেশিয়ার সঙ্গে এফটিএ সম্পাদন করব। পর্যায়ক্রমে অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করে আমরা রপ্তানি বাড়াব।”

তবে এসময় তিনি ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এনবিআর চেয়ারম্যান ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, “আপানারা সফট মানুষ। কিন্তু কাজ কর্ম শক্ত। এখন আপনাদের নিজেদের শক্ত হয়ে কাজগুলো সফট করতে হবে।”

অনুষ্ঠানে তিনি ব্যবসায়ীদের ন্যায্যতা পাওয়ার কথা উল্লেখ করে বলেন, “বিধি অনুযায়ী কোনো ইটভাটার ৫০০ ফুটের মধ্যে স্কুল থাকলে ওই ইটভাটা বন্ধ করে দিতে হবে।

“কিন্তু ৩০ বছর আগে যদি ইটভাটা হয় আর পাঁচ বছর আগে যদি স্কুলটা হয় তাহলে ন্যায্যতার ভিত্তিতে ওই স্কুলটাই অন্যত্র নিতে হবে, ইটভাটা নয়।”

অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ মূল প্রবন্ধে বলেন, “বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর জন্য আমাদের হাল্কা প্রকৌশল শিল্প, কৃষি, চামড়াজাত পণ্য, হালাল পণ্য, সুনীল অর্থনীতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন করতে হবে।”

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে ব্যাপকভাবে শিল্পায়নের জন্য ব্যবসা সহজীকরণ, রূপান্তর এবং টেকসই নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সেলিমা আহমেদ বলেন, দেশে ব্যাপকভাবে শিল্পায়নের জন্য তরুণ উদ্যোক্তা সৃষ্টির কথা ভাবতে হবে। তরুণ উদ্যোক্তাদের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখার দাবিও জানান তিনি।

সরকারকে উপজেলা পর্যায়ে উদোক্তা সৃষ্টি এবং খাস জমিতে শিল্প প্লট গড়ে তোলার প্রস্তাব রাখেন তিনি।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “ব্যবসা সহজীকরণ সূচকে তলানীতে থাকার পরও বাংলাদেশ অনেক উচ্চ প্রবৃদ্ধি করছে।

“কর্পোরেট কর বেশি বলে যে দাবি করা হচ্ছে তা আসলে সিগারেট আর মোবাইল কোম্পানিগুলোর জন্যই একটু বেশি ধরা হয়েছে।”

বিশেষ করে বিশ্ব ব্যাংকের ডুয়িং বিজনেস সূচকে উন্নতির জন্য ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো” খোলা হলে বাংলাদেশের সূচকের বড় ধরনের পরিবর্তন হবে বলে তিনি মনে করেন।

আবুল কালাম আজাদ বলেন, “আমাদের জনমিতির ‍সুবিধা আর বেশি দিন পাব না। আগামী ১০ বছর পর্যন্ত সর্বোচ্চ সুবিধা পাব। এরপর আমাদের জনমিতি নেতিবাচকের দিকে যাবে। আমরা ইতিমধ্যেই অনেক দেরি করে ফেলেছি। তাই আমাদের সিস্টেম পরিবর্তন করে বিনিয়োগ বান্ধব পরিবেশে তৈরি করতে হবে।”