ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে স্যামসাংয়ের ‘স্মার্ট ক্লাব’
ক্রেতাদের বিশেষ সুযোগ-সুবিধা দিতে ‘স্মার্ট ক্লাব’ লয়্যালটি প্রোগ্রাম চালু করছে স্যামসাং বাংলাদেশ।
এই ক্লাবের সদস্যরা এক্সক্লুসিভ মেম্বারশিপ কার্ডের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধাসহ নানা পুরস্কার গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অর্জিত পয়েন্ট ব্যবহার করে ক্রেতারা গ্রাহকসেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই পয়েন্টের মাধ্যমে ক্রেতারা বিভিন্ন পণ্য উন্মোচনের আগাম বার্তা ও বিভিন্ন প্রোগ্রামের আমন্ত্রণও পাবেন।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে স্যামসাং স্মার্ট প্লাজায় ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত স্যামসাং স্মার্ট প্লাজা এবং ফেয়ার কানেকশন আউটলেট থেকে স্যামসাংয়ের যে কোনো পণ্য ক্রয় করলে ক্রেতারা এই মেম্বারশিপ কার্ডের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।
বাংলাদেশে বসবাসরত ১৮ বছর এবং তদূর্ধ্ব ব্যক্তিরাই এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। তবে স্যামসাংয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, স্যামসাংয়ের ব্যবসায়িক অংশীদার এবং তাদের পরিবার এবং স্টোরের কর্মীরা এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন না।
সফলভাবে নিবন্ধনকারী নতুন সদস্যদের ১ হাজার পয়েন্ট দেওয়া হবে, যার মেয়াদ থাকবে পরবর্তী ১৮ মাস। সদস্যরা ১০০ টাকা ব্যয়ে ১ পয়েন্ট অর্জন করতে পারবেন।
সদস্যরা প্রতি মাসে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বার পয়েন্ট অর্জন করতে পারবেন। পয়েন্ট প্রাপ্তির পর থেকে সদস্যদের পয়েন্ট ব্যবহারের মেয়াদ থাকবে ১৮ মাস। প্রথমবার পয়েন্ট ব্যবহারের ক্ষেত্রে সদস্যদের সর্বনিম্ন ১ হাজার ৫০০ পয়েন্ট লাগবে।
এই মেম্বারশিপ কার্ড হস্তান্তরযোগ্য নয়। পয়েন্ট ব্যবহারের সময় ক্রেতাদের নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ভ্যারিফিকেশন নিশ্চিৎ করতে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে।
পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা নিজেদের কাছে থাকা পয়েন্ট ব্যবহার করতে পারবে। নতুন যোগ হওয়া পয়েন্টগুলো ভবিষ্যতে পণ্য ক্রয়ের জন্য ব্যবহার করা যাবে। সদস্যরা প্রাপ্ত পয়েন্ট ক্রয়, বিক্রয় কিংবা হস্তান্তর করতে পারবেন না।
উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, ক্রেতাদের জন্য নিত্য-নতুন উদ্ভাবনী ধারণা এবং মজাদার অভিজ্ঞতা প্রদানে স্যামসাং সর্বদা সচেষ্ট। এই প্রোগ্রামের মাধ্যমে সদস্যরা খুব সহজেই পয়েন্ট অর্জন করতে পারবেন এবং স্যামসাংয়ের পণ্য ক্রয়ে তা ব্যবহার করতে পারবেন।
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, “স্যামসাংয়ের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই যৌথ উদ্যোগ ক্রেতাদের জন্য সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করতে পারবে। ক্রেতাদের জীবনকে আরও সহজ করতে আমরা প্রতিনিয়ত নিত্য-নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করছি।"
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্যামসাং বাংলাদেশের জেনারেল ম্যানেজার বোমিন কিম, হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স এন্ড আইটি শাহরিয়ার বিন লুৎফর, হেড অব মোবাইল মূয়ীদুর রহমান, কনজ্যুমার ইলেক্ট্রনিক্স বিভাগের হেড অব সেলস এন্ড পার্টনার ম্যানেজমেন্ট সাদ বিন হাসান, ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ্ উদ্দিন, অপারেশনস ডিরেক্টর ফিরোজ মোহাম্মদ, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আতাউল হক এবং হেড অব মার্কেটিং জে এম তসলিম কবির।
