২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সেরা খাদ্যপণ্য প্রতিষ্ঠান ‘প্রাণ’

অস্ট্রেলিয়ায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের প্রাণ পণ্য। এর স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) অ্যাওয়ার্ড ২০১৯  এ সেরা খাদ্যপণ্য (এফএমসিজি) কোম্পানির পুরস্কার পেয়েছে বাংলাদেশের প্রাণ ফুডস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2019, 03:53 PM

Updated : 10 Oct 2022, 09:40 PM

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৫ নভেম্বর) সিডনির শাংগ্রিলা হোটেলে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রাণ এক্সপোর্ট ওশেনিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক রাশেদুল হাসানের হাতে এ পুরস্কার তুলে দেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী ডেভিড কোলম্যান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ায় স্থানীয় ব্যবসার ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে খাদ্যপণ্য সরবরাহ করে আসছে প্রাণ গ্রুপ। প্রাণ পণ্য এখন বিভিন্ন দেশে স্থানীয় বাসিন্দাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

“এই পুরস্কার তারই একটি স্বীকৃতি। এ স্বীকৃতি আমাদের সামনে এগিয়ে যেতে আরো অনুপ্রেরণা যোগাবে।”