ঢাকা থেকে মদিনার পথে বিমানের ফ্লাইট
ঢাকা থেকে ২৩৮ জন যাত্রী নিয়ে মদিনা গেল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
সোমবার বেলা ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিজি ০৩৭ ফ্লাইট মদিনা যাত্রা করে।
তার আগে বিমানবন্দরে ঢাকা-মদিনা-ঢাকা রুটের এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ব্যাপ্তি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে বিমান নানা বিবর্তনের মধ্য দিয়ে সময় পার করলেও দেশের এভিয়েশন শিল্পের বিকাশে বিমান পথ প্রদর্শক।”
এখন ঢাকা-মদিনা-ঢাকা ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বিমানের নেটওয়ার্ক সম্প্রারণের আরও একটি ধাপ পূর্ণ হল বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী ।
ঢাকা থেকে সপ্তাহে ৩ দিন- শনি, সোম ও বুধবার মদিনা রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, “ধর্মপ্রাণ মুসল্লীদের যাতায়াত ও দেশের সাথে প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের যোগাযোগ আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করতে প্রধানমন্ত্রী ঢাকা-মদিনা সরাসরি যোগাযোগ স্থাপনে আন্তরিকভাবে আগ্রহী। তারই ফলশ্রুতিতে ঢাকা-মদিনা-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হল।”
পাশাপাশি চট্টগ্রাম থেকে প্রতি বৃহস্পতিবার মদিনায় একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
২৭১ আসনের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
ইতোমধ্যে ১০টি সর্বাধুনিক উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “এ বছরেই আরও দুইটি নতুন প্রজন্মের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরে যুক্ত হবে।
“বহর পরিকল্পনা একটি চলমান প্রক্রিয়া। এই ধারা অব্যাহত রাখার জন্য আমরা কানাডা কর্মাসিয়াল কোম্পানি (সিসিসি) থেকে স্বল্পপাল্লার তিনটি নতুন ড্যাশ-৮ কিউ৪০০ ক্রয় করেছি।”
আগামী বছর মার্চ-জুন মাসের মধ্যে এই বিমানগুলো বহরে সংযুক্ত হবে উল্লেখ করে তিনি বলেন, “সম্প্রসারিত এই বহর দিয়ে আমরা আমাদের চলমান রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছি সেই সাথে নতুন গন্তব্য সংযোজন প্রক্রিয়া অব্যাহত রেখেছি।”
এছাড়া ২০২০ সালে ম্যানচেস্টার, নারিতা, কলম্বো, মালে এবং নিউইয়র্কে ফ্লাইট চালুর প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ইনামুল বারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মফিদুর রহমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।
