২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এলো ব্রিটিশ লাইফস্টাইল ব্র্যান্ড লি কুপার

বাহারি স্টাইলের পাদুকা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে ব্রিটিশ লাইফস্টাইল ব্র্যান্ড লি কুপার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 06:34 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

এ যাত্রায় তারা সঙ্গী হিসেবে পেয়েছে স্থানীয় প্রতিষ্ঠান এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডকে, যারা এদেশে আরেক বিখ্যাত ব্র্যান্ড ‘লোটো’র পণ্য বাজারজাত করছে অনেকদিন ধরেই। 

সোমবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয় দুই প্রতিষ্ঠান। লি কুপারের ব্যবস্থাপনা পরিচালক ওয়েইন বেব এবং এক্সপ্রেস লেদার প্রোডাক্টসের জামিল ইসলাম চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনও উপস্থিত ছিলেন।

শতবছরের বেশি পুরনো (১৯০৮ সালে প্রতিষ্ঠিত) পূর্ব লন্ডনের কোম্পানি লি কুপারের জুতা এবং ডেনিম পণ্য শতাধিক দেশে বাজারজাত হচ্ছে।  

অন্যদিকে জুতাপ্রস্তুতকারী স্থানীয় প্রতিষ্ঠান এক্সপ্রেস লেদারের গাজীপুর ও ইপিজেডের কারখানাগুলোতে বর্তমানে সাত হাজারের বিশাল কর্মীবাহিনী রয়েছে। আর সারা দেশে ‘লোটো’র ১৬০টি আউলেটে কর্মরত আছেন ১২০০ কর্মী। 

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বাংলাদেশে লি কুপারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে তাদের উপস্থিতি বিশ্বব্যাপী ফ্যাশন শিল্পকে বদলে দেবে।

তিনি বলেন, “ব্রিটেন থেকে পোশাক শিল্পের একটা বড় অংশ বাংলাদেশের মতো দেশগুলোতে চলে এসেছে। কিন্তু এখানে দুই দেশ এবং তাদের শিল্প খাত খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছে- ব্রিটেনে হচ্ছে নকশা এবং ব্র্যান্ডিং, আর বাংলাদেশে উৎপাদন।

“তবে সেই অবস্থারও বদল হচ্ছে। কারণ বাংলাদেশ ভ্যালু চেইনে উন্নতি করছে এবং আট শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধির অষ্টম বৃহত্তম (জনসংখ্যার দিক থেকে) দেশটি সম্পদশালীও হচ্ছে। এই সম্পদের কারণেই লি কুপারের মতো উচ্চ মানসম্পন্ন ব্রিটিশ পণ্যের চাহিদাও এখানে তৈরি হয়েছে।”

বাংলাদেশে আসার পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল বলে অনুষ্ঠানে জানান লি কুপারের ব্যবস্থাপনা পরিচালন ওয়েইন বেব।

বাংলাদেশৈ লাইসেন্স পার্টনার এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড সম্পর্কে তিনি বলেন, “সঠিক অংশীদার পেতে আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। এখন আমরা সেটি পেয়েছি। আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত। এটা (বাংলাদেশ) এমন একটি বাজার, যা ক্রমাগত বড় হচ্ছে, এটা এমন একটা বাজার যেখানে বিশার সম্ভাবনা আছে।”

এই যত্রায় সফল হওয়ার আশা ব্যক্ত করে ওয়েইন বেব বলেন, “সফল হওয়ার জন্য আমরা বাংলাদেশের বাজার, ক্রেতা, আমাদের অংশীদার, তারা কি করতে পারে, আমরা কি দিতে পারব- এসব নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছি। আমরা দেখেছে বাংলাদেশ ভবিষ্যতে লি কুপারের আন্তর্জাতিক অংশীদার হতে পারবে।”

Image
বাংলাদেশের মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে যুক্তরাজ্যের ফ্যাশন ব্র্যান্ড লি কুপার সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক্সপ্রেস লেদারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ছবি: মাহমুদ জামান অভি

বাংলাদেশের মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে যুক্তরাজ্যের ফ্যাশন ব্র্যান্ড লি কুপার সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক্সপ্রেস লেদারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ছবি: মাহমুদ জামান অভি

এক্সপ্রেস লেদারের ব্যবস্থাপনা পরিচালক জামিল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে তারা লি কুপার ব্র্যান্ডের জুতা বাজারে আনবেন এবং পরবর্থীতে তারা ডেনিম পণ্যের দিকেও যাবেন।

“আমরা ধাপে ধাপে এগোতে চাই.” বলেন এই ব্যবসায়ী।

পণ্য বাজারজাত করার ক্ষেত্রে দেশের তরুণ জনগোষ্ঠিই তাদের লক্ষ্য বলে জানান জামিল। 

তিনি বলেন, “এ দেশে আমরা লি কুপারের প্রতিনিধি। চামড়াজাত পণ্য তৈরিতে আমাদের ত্রিশ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমাদের রয়েছে আধুনিক কারখানা, যেখানে সাত হাজার কর্মী কাজ করছে। তাই আমরা লি কুপারের পণ্য আমদানির পাশাপাশি উৎপাদনও করব।”