এসএমই খাতে ব্লকচেইন প্রযুক্তি ‘খুবই সম্ভাবনাময়’
তথ্য প্রযুক্তি খাতের আলোচিত ব্লকচেইন প্রযুক্তি ব্যাংকিং খাতের জন্য এক অপার সম্ভাবনা নিয়ে এসেছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়নে মর্টগ্যাজসহ সকল ক্ষেত্রে নিরাপত্তা ও নির্ভরযোগ্যভাবে ডাটা ব্যবস্থাপনায় এটি খুবই সম্ভাবনাময়।
শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এবং ব্রাক ব্যাংকের যৌথ আয়োজনে এক কর্মশালায় হংকং ব্লকচেইনের প্রেসিডেন্ট ড. লরেন্স মা এ সব কথা বলেন।
রাজধানীর গুলশানে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় লরেন্স মা বলেন, ইন্টারনেট যখন কালের পরিক্রমায় দ্বিতীয় প্রজন্মে পদার্পণ করছে, তখনই বিশ্ব প্রযুক্তির বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে এই ‘ব্লকচেইন’।
তিনি বলেন, তথ্য প্রবাহের প্রথম যুগটি ছিল যে কোনো জায়গায় যে কোনো সময়ে তথ্যের সহজলভ্যতা। কিন্তু এখন ব্লকচেইন প্রযুক্তি নামে ক্রিপ্টোগ্রাফি, গণিত, সফটওয়্যার প্রকৌশল আর আচরণগত অর্থনীতির এই বুদ্ধিদীপ্ত সমন্বয় নিয়ে আসছে। ইন্টারনেট অব ভ্যাল্যু, যা একটি নতুন ডিস্ট্রিবিউটেড প্ল্যাটফর্ম হিসেবে বাণিজ্যে রূপান্তর ঘটিয়ে পৃথিবীকেও একভাবে বদলে দেবে।
কর্মশালাটির আলোচ্য বিষয় ছিল ব্লকচেইনের কৌশলগত, ব্যবসায়িক আর আইনী দিকগুলো বিশ্লেষণ করা। একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের জন্য এই ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তিটির প্রয়োগ কীভাবে হবে।
শিক্ষাবিদ, গবেষক, অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং ব্যাংকিং, টেলিকম, আইসিটি আর উন্নয়ন খাতের পেশাজীবিরা কর্মশালায় অংশ নেন।
ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান এবং পিআরআই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর কর্মশালায় ব্লকচেইন বিষয়ক একটি প্যানেল আলোচনা সঞ্চালন করেন।
আলোচনায় অংশ নেন ড. লরেন্স মা, টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাবিবুল্লাহ এন করিম এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারসের চেয়ারম্যান ইফতি ইসলাম।
পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার এবং ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেন এতে উপস্থিত ছিলেন।
