২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজায় ভারতে যাচ্ছে ৫০০ টন ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 08:16 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী জানান, বাংলাদেশের একজন রপ্তানিকারকের আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।

ইলিশ রপ্তানি উন্মুক্ত নয় জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত পূজা উপলক্ষে পাঁচশ টন ইলিশ রপ্তানি করতে ওই প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে।”

তবে প্রতিষ্ঠানটির নাম জানাতে পারেননি তিনি।

ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।

পানি এলে ইলিশও যাবে: মমতাকে হাসিনা  

চার বছর আগে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজ্যে ইলিশ না পাওয়ার অনুযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা সে সময় বলেছিলেন, ইলিশ খুব কম পাচ্ছেন তারা। জবাবে শেখ হাসিনা বলেছিলেন, পানি এলে ইলিশও যাবে।

২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফরে তিস্তার পানি বণটন চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার আপত্তিতেই আটকে যায় তিস্তা চুক্তি।

এরপর প্রতিটি উচ্চ পর্যায়ের সফরে ওই চুক্তি নিয়ে কথা হলেও এখন পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি।