২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেবে আইপিডিসি-বিএসসিএমএস

দেশের সরবরাহ ব্যবস্থায় অবদানের জন্য বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ) দেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 08:22 PM

Updated : 18 Aug 2022, 05:49 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুরস্কারটির আদ্যোপান্ত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এটি বাংলাদেশের অভ্যন্তরে কার্যক্রম পরিচালনা করা ইন্ডাস্ট্রিগুলোতে সাপ্লাই চেইন নলেজ বিষয়ে অগ্রগতি ও প্রয়োগের ক্ষেত্রে অসাধারণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের জন্য একটি সম্মানজনক স্বীকৃতি।

২০১৮ সালে দেশের ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস অর্গ্যানাইজেশনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছেন, তাদেরকেই এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সাপ্লাই চেইন পেশাজীবী, তরুণ পেশাজীবী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো ২০১৮ সালে নিজেদের অর্জনগুলো উপস্থাপন করার মাধ্যমে সম্মানজনক এই অ্যাওয়ার্ডে অংশ নিতে পারবেন।

বিএসসিইএ ২০১৯ অ্যাওয়ার্ড ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো সাপ্লাই চেইন কোলাবোরেশন অ্যান্ড পার্টনারিং, সাপ্লাই চেইন ট্যালেন্ট ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স, সাপ্লাই চেইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট, লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, ওয়্যারহাউজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সাপ্লাই চেইন প্ল্যানিং প্রসেস, টেকনোলজি অ্যাজ সাপ্লাই চেইন এনেবলার, সাপ্লাই চেইন সাস্টেইনেবিলিটি, ইয়াং সাপ্লাই চেইন ট্যালেন্ট অব দ্যা ইয়ার এবং সাপ্লাই চেইন প্রফেশনাল অব দ্যা ইয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডের জন্য ২৫টি সেরা অর্জন (৭টি ব্যক্তিগত, ৯টি স্থানীয় এবং ৯টি এমএনসি অর্গ্যানাইজেশন) বাছাই করবেন বিচারক প্যানেল।

অ্যাওয়ার্ড বিজয়ীরা স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক এবং সনদপত্র পাবেন। তরুণ অ্যাওয়ার্ড বিজয়ীরা সম্মাননা স্মারক এবং সনদপত্র পাবেন, এছাড়া তাদের মধ্যে ৫ জনকে আইএসসিইএ সার্টিফিকেশন প্রদান করা হবে।

আগামী ২৪ অক্টোবর পর্যন্ত কেসসহ নমিনেশন জমা দিতে পারবেন আগ্রহীরা। এরপর ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন হবে।

সংবাদ সম্মেলনে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ শামস, নেসলে বাংলাদেশের ডিরেক্টর অব করপোরেট অ্যাফেয়ার্স ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির (বিএসসিএমএস) প্রেসিডেন্ট নকীব খান, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্সের এশিয়া অঞ্চলের সিইও এজাজুর রহমান উপস্থিত ছিলেন।