২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট নিয়ে এনবিআর-বিটিআরসির সঙ্গে আলোচনায় ফেইসবুক

বাংলাদেশ থেকে ফেইসবুকে পাওয়া বিজ্ঞাপনের ভ্যাট আদায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিটিআরসিসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 07:14 PM

Updated : 18 Aug 2022, 05:49 PM

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ফেইসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস নিয়ে মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান প্রযুক্তি জায়ান্টটির পাবলিক পলিসি বিষয়ক পরিচালক শিবনাথ থাকরাল।

এ সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, “অনেক দিন ধরে সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। দেশীয় আইন অনুসরণ করে চলি আমরা। সে আলোকে এনবিআর ও বিটিআরসিসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলমান রয়েছে। যখন সব কিছু ঠিক হবে, আইন অনুযায়ী আমরা কাজ করব।”

বাংলাদেশে সংবাদমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমকে বিজ্ঞাপনের জন্য ভ্যাট দিতে হয়। কয়েক বছর ধরে বিজ্ঞাপনের একটি বড় অংশ গুগল, ফেইসবুকে গেলেও তা এখনও ভ্যাটের আওতায় আসেনি।

সভায় ফেইসবুকের পাবলিক পলিসি ম্যানেজার বরুণ রেড্ডিও ‍ছিলেন। ফেইসবুকের এই দুই কর্মকর্তা জানান, সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে বাংলাদেশে একজন ‘পাবলিক পলিসি’ প্রতিনিধি নিয়োগ দিচ্ছেন তারা, তবে আপাতত কোনো কার্যালয় হচ্ছে না।

এক প্রশ্নে রেড্ডি বলেন, “বিশ্বের অনেক দেশে ফেইসবুকের প্রতিনিধি থাকলেও কোনো কার্যালয় নেই। বাংলাদেশেও আপাতত কোনো কার্যালয় করার পরিকল্পনা নেই। আর প্রতিনিধি না থাকলেও সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আমরা অনেক দিন ধরে।”

আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাবলিক পলিসি প্রতিনিধি নিয়োগ দেওয়ার কাজ শেষ হবে বলে আরেক প্রশ্নে জানান শিবনাথ থাকরাল।

আইনশৃঙ্খলাবাহিনী তথ্য চাইলে কিসের ভিত্তিতে সেই তথ্য দেওয়া হয়, এমন প্রশ্নে তিনি বলেন, “বিশ্বব্যাপী আমরা যে নিয়মে চলি, বাংলাদেশেও সেই নিয়মে চলব। ফেইসবুকের মধ্যেই আমাদের একটি বিভাগ রয়েছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে থাকে।

বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ দেবে ফেইসবুক  

“আমাদের নিজস্ব প্রক্রিয়া আছে, সে আলোকে আমরা কিছু তথ্য দিয়ে থাকি। সেক্ষেত্রে মানুষের প্রাইভেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দিষ্ট দেশীয় আইনের উপর নির্ভর করি আমরা। বেআইনিভাবে আমরা কোনো তথ্য দিই না।”

ফেইসবুক ট্রান্সপারেন্সির সর্বশেষ হিসাবে দেখা যায়, ২০১৮ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে জরুরি ও আইনি ক্ষেত্রে ১৪৯টি এবং ১৯৫ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল বাংলাদেশ। এর মধ্যে ৪৪ শতাংশের আংশিক কিংবা পূর্ণ তথ্য দিয়েছিল ফেইসবুক কর্তৃপক্ষ।

কয়েক বছর ধরেই বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ফেইসবুকের সঙ্গে ‘খুব কার্যকরভাবে’ কাজ করছে জানিয়ে শিবনাথ থাকরাল বলেন, “আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় তারা তথ্য দেওয়ার অনুরোধ করে, আমরাও প্রয়োজন মতো কিছু তথ্য দিয়ে থাকি।”

তিনি বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী যদি অনুরোধ করে, তাহলে আমাদের নিজস্ব ভেরিফিকেশন চ্যানেল আছে, আমরা সেগুলো চেক করি। পরবর্তীতে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ আমরা নিই।”

মতবিনিময় সভায় ফেইসবুকের ‘কমিউনিটি স্টান্ডার্ডস’-এর বিস্তারিত তুলে ধরেন বরুণ রেড্ডি। একইসঙ্গে এই নীতি ভঙ্গ করলে সেক্ষেত্রে নিজেদের নেওয়া ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি।

বরুণ রেড্ডি জানান, নিজস্ব প্রক্রিয়ায় এবং ইউজার রিপোর্টের আলোকে ব্যবস্থা গ্রহণ করে থাকে ফেইসবুক। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২২০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

ওই সময়ে ছবিতে সহিংস চিত্রের জন্য ৩ কোটি ৩৬ লাখ, নগ্নতার জন্য ১ কোটি ১৯ লাখ, সন্ত্রাসী প্রচারণার জন্য ৬০ লাখ ৪০ হাজার, অবমাননামূলক বক্তব্যের জন্য ৪০ লাখ, স্প্যাম হিসাবে ১০ লাখ ৮০ হাজার, অনলাইন সহিংসতার জন্য ২০ লাখ ৬০ হাজার এবং শিশু নগ্নতার জন্য ৫০ লাখ ৪০ হাজারটি কনটেন্ট নামিয়েছে ফেইসবুক।

ফেইসবুক নিজেদের ব্যবস্থাকে ক্রমান্বয়ে উন্নত করছে জানিয়ে রেড্ডি বলেন, “ভুয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯৯ দশমিক ৮ ভাগ ক্ষেত্রে রিপোর্ট করার আগেই ফেইসবুক নিজ থেকে ব্যবস্থা নিয়েছে। অনলাইন সহিংসতা ও অবমাননামূলক বক্তব্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে এমন ব্যবস্থার হার ৯৫ শতাংশের বেশি।