৬ মাসে ৭৪৩টি অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বিএসটিআই
চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন তদারকি অভিযানে ৭৪৩টি অবৈধ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে সরকারি মান নির্ধারণকারী সংস্থা বিএসটিআই।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় এতথ্য জানান বিএসটিআইর মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন।
লাইসেন্স গ্রহণ করে পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। বিএসটিআই ১৮১টি পণ্যের বাধ্যতামূলক লাইসেন্স দিয়ে থাকে।
অনুষ্ঠানে মুয়াজ্জেম বলেন, গত জানুয়ারি-জুলাই বিএসটিআই থেকে ২৬১৪টি লাইসেন্স প্রদান বা নবায়ন করা হয়েছে, ১৩৭৬টি মোবাইল কোর্ট/সার্ভিল্যান্স টিম পরিচালনা করা হয়েছে, খোলাবাজার থেকে ১৮৯৬টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে।
এই সময়ের মধ্যে বিভিন্ন অভিযানে ৭৪৩টি অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব অপরাধে মোট ২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মতবিনিময় সভায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শহিদউল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এসএসআরএম গ্রুপের ব্যবস্থপনা পরিচালক শেখ মাসুদুল আলম মাসুদ, সংগঠনের এক্সিকিউটিভ ডিরেকটর শামসুল আলম খান, জিপিএইচ গ্রুপের পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জমান, আরআরএম গ্রুপের চেয়্যারম্যান সুমন চৌধুরী, বিএসআরএম গ্রুপের উপ ব্যবস্থাপক মুহাম্মদ আবুল মনসুর উপস্থিত ছিলেন।
সংঠনের নেতারা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে উৎপাদিত মানহীন পণ্যের বিরুদ্ধে বিএসটিআইকে কঠোর হওয়ার আহ্বান জানান।
