শ্রমিক কল্যাণ তহবিলে জমা পড়ল ৯ কোটি টাকা
বার্ষিক নিট মুনাফা থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৯ কোটি ৪৫ লাখ টাকা জমা দিয়েছে ইউনিলিভার ও বিএসআরএম ।
মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে লভ্যাংশের টাকা তুলে দেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিলিভারের সিইও কেদার লেলে কোম্পানির পক্ষ থেকে গত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসাবে ছয় কোটি ১৯ লাখ ২৫ হাজার ৪৮৪ টাকা এবং বিএসআরএমের ডিএমডি তপন সেনগুপ্ত তিন কোটি ২৬ লাখ এক হাজার টাকার চেক হস্তান্তর করেন।
মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত দেশি-বিদেশী ও বহুজাতিক কোম্পানি মিলে মোট ১৪০টি প্রতিষ্ঠান শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় তিনশ ৭০ কোটি টাকা জমা দিয়েছে। অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ৯ হাজার শ্রমিককে প্রায় ৩০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
