২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের সাতমাইল হাটে ক্রেতা কম, খামারিরা হতাশ

যশোরের সাতমাইল হাটে এবার কোরবানির পশুর সরবরাহ ভালো হলেও ক্রেতা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 01:57 PM

Updated : 10 Oct 2022, 09:17 PM

যশোর জেলা শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে বসে জেলার বৃহৎ সাতমাইল হাট। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এই হাট থেকে গরু কিনে নিয়ে যান বিভিন্ন এলাকার পশুর হাটে।

হাটের ইজারাদার নাজমুল হাসান বলেন, কুষ্টিয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকাসহ অন্তত ২০টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারিরা আসেন এ হাটে। 

"কিন্তু এবার তা তারা বেশি না আসায় বেচাকেনা কম।" 

নারায়ণপুর গ্রামের খামারি আনিসুর রহমান মঙ্গলবার এ হাটে গরু এনে দুপুর নাগাদ বিক্রি করতে পারেননি।

তিনি বলেন, “দাম কম। দেনা করে গরু পাললাম। এখন দাম পাচ্ছিনে।”

সিলেটের আবু তাহের প্রতিবছর প্রতিহাটে অন্তত পাঁচ ট্রাক গরু কিনলেও মঙ্গলবার তিনি মাত্র দুই ট্রাক গরু কিনেছেন বলে জানালেন। 

"এবার বিভিন্ন এলাকায় বন্যার কারণে পশুর চাহিদা কম। দামও তুলনামূলক অনেক কম।"

চট্টগ্রামের ব্যাপারি মফিজুর রহমান বলেন, মঙ্গলবার তিনি ৮৫টি গরু কিনেছেন। 

"এর মধ্যে ২০টি গরু দিয়ে একটি ট্রাক চট্টগ্রামের পাহাড়তলির সাগরিকা হাটে পাঠিয়েছি। আরও পাঁচ ট্রাক পাঠাব। "

এসব গরু ৬০ হাজার থেকে দেড় লাখ টাকায় বিক্রি করবেন বলে তিনি জানান। 

শার্শার খামারি আখতারুজামান বলেন, “ভারতীয় গরু না আসায় আমরা লাভের আশা করছি। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় লাভ একটু কম হচ্ছে।”

ঈদের আগে যাতে ভারতীয় গরু না আনা হয় সেই দাবি জানান তিনি।

কোরবানির গরু কিনতে আসা বজলুর রহমান বলেন, “এ হাটে প্রচুর গরু আছে। কিন্তু ব্যবসায়ীরা গরুর দাম কমাচ্ছে না। যে কারণে বেচাবিক্রি একটু কম।”

হাট কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, এই হাটে ক্রেতা-বিক্রেতাদের থাকা-খাওয়া সুব্যবস্থা রয়েছে। পশুর স্বাস্থ্য পরীক্ষায় সতর্ক থাকায় এখানে সুস্থ ও মানসম্মত পশু পাওয়া যায়। নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে। এখানে শনি ও মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাট বসে। 

সামটার লিয়াকত মাস্টার বলেন, "পাঁচ মণ মাংস হতে পারে এমন একটা গরু কিনেছি ৭৮ হাজার টাকায়। অন্য সময় এর দাম লাখের উপরে হত।"

কম দামে গরু কিনতে পেরে বেজায় খুশি তিনি। 

বসতপুর গ্রামের ওসমান গনি মুকুল সাড়ে চার মণ মাংস হতে পারে এমন একটি গরু কিনেছেন ৭৩ হাজার টাকায়।

বেনাপোলের নামাজ গ্রামের আবু নিদাল ফয়সল একটি ষাঁড় কিনেছেন ৮০ হাজার টাকায়। 

তিনি বলেন, “হাটে মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় দাম কিছুটা বেশি। তবে বড় গরুর দাম তুলনামূলক অনেক কম।"

খামারিদের হতাশা সম্পর্কে শার্শা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব সিংহ বলেন, এ বছর এ উপজেলায় তিন হাজারের বেশি খামারি প্রায় ১৪ হাজার গরুছাগল কোরবানির জন্য প্রস্তুত করেছেন, যা উপজেলার চাহিদার দ্বিগুণ। কিন্তু ক্রেতার অভাবে বেচাকেনা কম। 

"খামারিরা খরচের টাকাও তুলতে পারছেন না বলে খবর পাচ্ছি। লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছেন তারা।"