২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ সনদ পেল প্রাণের ময়মনসিংহ এগ্রো

ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম-বিআরসি গ্লোবাল স্ট্যান্ডার্ড সনদ পেয়েছে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 07:29 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

প্রাণের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স মেনে পণ্য উৎপাদন করায় ময়মনসিংহ এগ্রো লিমিটেডকে এ সনদ প্রদান করে যুক্তরাজ্যভিত্তিক মান নিয়ন্ত্রক সংস্থা বিআরসি সার্টিফিকেশন বডি।

বুধবার প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধার হাতে সনদ তুলে দেন এসজিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আব্দুর রশিদ।

বিআরসি সনদের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুনগতমান, খাদ্য নিরাপত্তা এবং উৎপাদনে প্রতিটি ধাপে কমপ্লায়েন্স মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হয়। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিআরসি সনদকে গুরুত্ব দেওয়া হয়। 

ইলিয়াছ মৃধা বলেন, “পণ্য উৎপাদনে কমপ্লায়েন্স মেনে চলায় ময়মনসিংহ এগ্রো বিআরসি সনদ অর্জন করেছে। এই সনদ অর্জনের ফলে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে খুব সহজেই আমরা প্রাণের পণ্য পৌঁছে দিতে পারবো।”

তিনি আরও বলেন, “প্রাণ সবসময় পণ্য উৎপাদনের প্রতিটি ধাপে গুণগত মান বজায় রেখে ভোক্তার কাছে সেরা পণ্য পৌঁছে দিতে চেষ্টা করে। বিআরসি সনদ অর্জনের মাধ্যমে ভোক্তার প্রতি দায়বদ্ধতাকে আরেকবার প্রমাণ করল।” 

ময়মনসিংহ এগ্রো লিমিটেডের অধীনে আম, পেয়ারা, আপেল, অরেঞ্জসহ বিভিন্ন ধরনের ফ্রুট ড্রিংকস, প্রাণ আপসহ বিভিন্ন ধরনের বেভারেজ, ড্রাই কেক, ক্যান্ডি ও ললিপপ বিদেশে রপ্তানি করছে প্রাণ গ্রুপ।

সনদ বিতরণ অনুষ্ঠানে এসজিএস বাংলাদেশের হেড অব সার্টিফিকেশন ইয়াসমিন আহমেদ, ময়মনসিংহ এগ্রোর নির্বাহী পরিচালক আনিসুর রহমান ও প্রাণ গ্রুপের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) রাসেল কবির উপস্থিত ছিলেন।  

এর আগে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ এগ্রো, নাটোর এগ্রো, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি, প্রাণ ফুডস, প্রাণ ডেইরি বিআরসি সনদ অর্জন করে।