ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদিতে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানা পরিদর্শন করেছেন।
শনিবার মন্ত্রী এটি পরিদর্শন করেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইঁয়া মোহন, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রীর পরিদর্শন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে কারখানা প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়া নরসিংদীর বেশকিছু সেবামূলক সংস্থাকে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় উৎপাদিত স্যামসাং ফ্রিজ প্রদান করা হয়।
ফেয়ার ইলেকট্রনিক্স ফেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। যা স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেনের অনুমোদিত প্রস্তুতকারক ও বিপননকারী।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, “সরকার বিনিয়োগকারীদের যে সহায়তা ও প্রণোদনা দিচ্ছে তার যথোপযুক্ত ব্যবহার হচ্ছে কিনা-তা দেখতেই আমি এই কারখানা পরিদর্শনে এসেছি।”
দেশি-বিদেশী বিনিয়োগকারীদের আর কি ধরনের সহায়তা প্রয়োজন সেটা খুঁজে বের করাও এ পরিদর্শনের আরেকটি কারণ বলে জানান তিনি।
“এখানে কোরিয়ান ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে আমাদের ছেলে-মেয়েরা খুবই দক্ষতার সাথে কাজ করছে এবং তারা ভবিষ্যতে আরও ভালো করবে।”
বাংলাদেশকে বিশ্বের কাছে প্রযুক্তি হাব হিসেবে গড়ে তুলতে সরকারের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।
