গুলশানেও এমসিসিআই অফিস
রাজধানীর গুলশানেও অফিস খুলেছে একশ বছরের বেশি পুরনো বাণিজ্য সংগঠন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এমসিসিআই।
শনিবার দুপুরে গুলশান পুলিশ প্লাজায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই অফিসের উদ্বোধন করেন।
এটি এমসিসিআই’র দ্বিতীয় অফিস। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এই বাণিজ্য সংগঠনের প্রথম অফিস ছিল নারায়ণগঞ্জে। গত পাঁচ দশকের বেশি সময় ধরে এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে চেম্বার ভবনে।
এখন থেকে গুলশানের পুলিশ প্লাজার অফিস থেকেও পরিচালিত হবে এমসিসিআই’র কার্যক্রম।
এই নতুন অফিস খোলার ফলে এমসিসিআই’র গুলশান, বনানী, উত্তরা, বারিধারা এবং এর আশেপাশের অঞ্চলের সদস্যরা মতিঝিলের প্রধান কার্যালয়ে যাওয়ার পরিবর্তে গুলশান অফিসে গিয়েও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, বাংলাদেশের উন্নয়নে ব্যবসায়ী সম্প্রদায়ের অবদান স্বীকৃতি। সরকার এবং ব্যবসায়ী-শিল্পপতিদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
“আমাদের সরকারের সঙ্গে ব্যবসায়ী মহলের সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্ক আরও দৃঢ় করার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
এমসিসিআই’র নতুন অফিস বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন এম এ মান্নান।
এমসিসিআই সভাপতি নিহাদ কবিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এমসিসিআই সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, এমসিসিঅই সাবেক সভাপতি রোরিয়া আফজাল রহমান, মাহবুব জামিল, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের সভপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাছির হোসেন, এ কে আজাদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
