২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ বাংলা ব্যাংকের আমানত বেড়েছে ২২%

চলতি বছরের জুন শেষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৮ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2019, 06:33 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

গত বছরের একই সময়ে ছিল ৫ হাজার ১৬০ কোটি টাকা। এ হিসাবে এক বছরে আমানতের পারিমাণ বেড়েছে ২২ দশমিক ২৫ শতাংশ।

শনিবার রাজধানীর ফারস হোটেলে ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে স্বতন্ত্র পরিচালক সাজিদুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, মামুনুর রশিদ মোল্লা ও মোহাম্মদ সেলিম চৌধুরীসহ বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে আরও জানানো হয়, ২০১৯ সালের জুন শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৪ কোটি টাকা, যা আগের একই সময়ে ছিল ৪ হাজার ৫৮৪ কোটি টাকা। সে হিসেবে এক বছরে ঋণের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৬ শতাংশ।

এই বছরের ব্যাংক জানুয়ারি-জুন সময়ে ৯১ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। যা গত বছরের একই সময়ে ছিল ৮৮ কোটি টাকা।

শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে আমজাদ হোসেন বলেন, সরকার ব্যাংকিং খাতে খেলাপি ঋণ হ্রাস এবং  সুদহার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

“আমরা পর্ষদ থেকে সে লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখানে মূল ভূমিকা পালন করতে হবে শাখা ব্যবস্থাপকদের। আপনাদেরকে ঋণগ্রাহকদের পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনা গ্রহণ করতে হবে “

“আমরা চাই, আমাদের ব্যাংকে আর একটি টাকাও যেন খেলাপি না হয়। সে জন্য ঋণ প্রস্তাব পাঠানোর আগে ভালোভাবে গ্রাহক পর্যালোচনা করতে হবে। তার পূর্বের ইতিহাস জানতে হবে।”

কোনো ঋণ খারাপ হয়ে গেলে তার দায়দায়িত্ব শাখা ব্যবস্থাপকদের নিতে হবে বলে জানান তিনি।

গোলাম ফারুক বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাত বড় চ্যালেঞ্জ অতিক্রম করছে। চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে সাউথ বাংলা ব্যাংকও এই বাইরে নয়।

“সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে আমরা অধিকাংশ সূচকে ভাল করছি। এই ধারা অব্যাহত রাখতে আমাদেরকে দক্ষতা ও নৈতিকতার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।”