কোরবানির আগে আদা-রসুনের দাম চড়া
টানা বৃষ্টি ও বন্যায় সবজির দাম চড়েছিল তিন সপ্তাহ আগেই, কোরবানির ঈদের আগে নতুন করে বেড়েছে আদা-রসুনের দাম।
শুক্রবার রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম কেজি প্রতি ৫০ টাকার উপরে। এক কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আর দাম বেড়ে চীনা রসুন ১৮০ টাকায় এবং দেশি রসুন ১৪০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।
তবে কিছুটা কমে এসেছে পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও ফার্মের মুরগির ডিমের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০ থেকে ৪২ টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৪৫ টাকায়। আর ভারতীয় পেঁয়াজের দাম প্রতিকেজি ৩০ টাকা থেকে ৩৫ টাকার মধ্যে, যা এক সপ্তাহ আগে বিক্রি হয় ৩৫ টাকা বা তার বেশি দামে।
ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১১০ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১১৫ টাকা।
মিরপুরের বড়বাগের মুদি দোকানি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ঈদের আগে সব ধরনের পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। তবে চীনা রসুন ও আদার দাম বেড়ে গেছে। চীনা রসুন প্রতি কেজি ১৬৫ টাকা থেকে বেড়ে ১৮০ টাকায় পৌঁছেছে। দেশি রসুনের দামও বেড়েছে পাল্লা দিয়ে। দেশি রসুন এখন প্রতি কেজি ১৪০ টাকা। আদা বিক্রি হচ্ছে কেজি ১৮০ টাকা, যা এতদিন ছিল ১২০ থেকে ১৩০ টাকা।
মিরপুর, বড়বাগ, কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজারে ঘুরে সর্বনিম্ন ৮০ টাকায় বরবটির কেজি বিক্রি হতে দেখা যায়।
বড়বাগের সবজি বিক্রেতা আবুল কালাম জানান, কেবল পটল, পেঁপে, কুমড়া আর চিচিঙ্গার দাম ৫০ টাকার নিচে। মিষ্টি কুমড়া আর পেঁপে বিক্রি হচ্ছে কেজি ২৫ টাকায়, আর পটল, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া কাকরোল, ঢেঁড়শ, বেগুন, করলা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকায়। বাজারে বরবটির দাম সবচেয়ে বেশি।
কারওয়ানবাজারে এক সবজি বিক্রেতা জানান, বাজারে নতুন করে কিছু দেশি টমেটো ও গাজর এসেছে। এতদিন চীন থেকে আমদানি করা গাজর প্রতিকেজি ১০০ টাকা করে এবং ভারত থেকে আমদানি করা টমেটো ৯০ টাকা করে বিক্রি হচ্ছিল। এখন দেশি গাজর বিক্রি হচ্ছে ৬০ টাকায়, টমেটো আগের মতোই ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা, এক সপ্তাহ আগেও তা বিক্রি হয়েছিল ২০০ টাকা।
কারওয়ান বাজার ও বড়বাগে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গরুর মাংসের কেজি ৫৫০ টাকা, ফার্মের ডিম প্রতি ডজন ১১০ টাকা।
মসলার বাজার
এবার কোরবানির ঈদের আগে বন্যা হওয়ায় সারা দেশে মসলার চাহিদা অনেকটা কমে গেছে বলে মনে করছেন পুরান ঢাকার মৌলভীবাজারের পাইকার বিল্লাল হোসেন।
হেদায়েত অ্যান্ড ব্রাদার্সের এই বিক্রেতা বলেন, “দীর্ঘদিন ধরে বন্যা পরিস্থিতির কারণে এবার ঈদ সামনে রেখে মসলার চাহিদা কম। তাই এবার দামও বাড়েনি। ”
তিনি জানান, পাইকারিতে এখন প্রতি কেজি এলাচ মানভেদে ১৬০০ থেকে ২৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। জিরার কেজি ৩২০ টাকা থেকে ৩৮০ টাকার মধ্যে, গোল মরিচ ৩৬০ টাকা এবং দারুচিনি ৪২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
এর মধ্যে এলাচের দাম সম্প্রতি কেজিতে ২০০ টাকা করে কমেছে। আরও দারুচিনির দাম কেজিতে অন্তত ২০ টাকা বেড়েছে।
