২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসে শত কোটি টাকা মুনাফা প্রাইম ব্যাংকের

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) প্রায় একশ কোটি টাকা মুনাফা করেছে প্রাইম ব্যাংক। মুনাফার এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশ বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 08:15 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

গত বছর এই সময়ে ৭৭ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করেছিল ব্যাংকটি।

প্রাইম ব্যাংকের ২০১৯ সালের অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ প্রতিবেদনটি প্রকাশ করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৮ পয়সা। ২০১৮ সালের একই সময়ে যা ছিল ৬৮ পয়সা।

এই ছয় মাসে ব্যাংকটির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৯৯ কোটি ২৭ লাখ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৭৭ কোটি ৪০ লাখ টাকা। শতাংশ হিসেবে মুনাফা বৃদ্ধির হার ২৮ শতাংশ

এ সময়ে ব্যাংকটির আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৮৮৮ কোটি টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ছিল ১৯ হাজার ৭৫২ কোটি টাকা।

জুন শেষে বিতরণ করা মোট ঋণের পরিমান দাঁড়িয়েছে ২১ হাজার ৫৮৯ কোটি টাকা।একইসঙ্গে আমদানি- রপ্তানি ব্যবসাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই অগ্রগতির ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশার কথা শোনান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ।

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী, তৌহিদুল আলম খান, ফায়সাল রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।