২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭২ কোটি টাকা লাভ করেছে বিমান: প্রতিমন্ত্রী

লোকসানের পরের বছরই লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 10:40 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

পুরনো খবর:

লাভে ফিরতে বিমানের নতুন পরিকল্পনা  

সংস্থাটি গত অর্থবছরে ২৭২ কোটি টাকা নিট লাভ করেছে বলে বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তিনি বলেন, “২০১৮-১৯ অর্থবছরে বিমানের মোট আয় হয়েছে ৫ হাজার ৭৯১ কোটি টাকা এবং ব্যয় হয়েছে ৫ হাজার ৫১৯ কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশ বিমানের নিট লাভ হয়েছে ২৭২ কোটি টাকা।”

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির লোকসান বরাবরই আলোচিত। ২০১৪ সালে আড়াইশ কোটি টাকা লোকসান গোনার পর বন্ধ হয়েছিল বিমানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। পরের বছর বিমানকে চাঙ্গা করতে নতুন করে পরিকল্পনা নেওয়া হয়।
তারপরও ২০১৭-১৮ অর্থবছরে বিমানের লোকসানের পরিমাণ ২০১ কোটি ৪৭ লাখ টাকা বলে সম্প্রতি সংসদে জানানো হয়।

তার কারণ দেখিয়ে প্রতিমন্ত্রী মাহবুব বলেছিলেন, “উড়োজাহাজের জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে খরচ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং এয়ারক্র্যাফট ক্রু মেইনটেইননেস ইনসুরেন্স (এসিএমআই) ভিত্তিতে উড়োজাহাজ ব্যবহারের কারণে লোকসান হয়েছে।”

বুধবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বিমানের টিকেট বিক্রি সম্পূর্ণ অটোমেটেড হওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, এটাও লাভ হওয়ার একটি কারণ।

অটোমেশনের কারণে দুর্নীতি কমে যাবে বলেও আশাবাদ প্রকাশ করেন বিমান প্রতিমন্ত্রী।

বিমানে যাত্রীসেবার মানোন্নয়নে আরও পদক্ষেপ নেওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক আগমনী যাত্রীদের প্রথম ফ্লাইট অবতরণের ১৬ মিনিটে এবং শেষ ব্যাগেজ ৬০ মিনিটের মধ্যে ব্যাগেজ বেল্টে প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। ব্যাগেজ একই ফ্লাইটে না এলে তা যাত্রীর বাড়িতে পৌঁছানোও নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, “নির্ধারিত সময়ে ফ্লাইট উদ্বোধন উড্ডয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিয়োগ এবং তদারকি বৃদ্ধি করা হয়েছে।”
বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যাও বাড়ছে। গত ২৫ জুলাই বহরে যোগ হয়েছে তৃতীয় ড্রিমলাইনার। সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন এই বোয়িং নিয়ে বিমানে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫টি।