বেতন-বোনাস ঈদের আগেই: বিজিএমইএ
কোরবানির ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে বলে রাষ্ট্রপতিকে জানিয়েছেন তৈরি পোশাক কারখানার মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিএমইএর সভাপতি রুবানা হকের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদ সৌজন্য সাক্ষাতে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, গত রোজার ঈদের সময় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে কোনো সমস্যা হয়নি।
“তারা বলেন, কোরবানির ঈদ উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন কারখানায় বেতন-বোনাস দেওয়া শুরু হয়েছে। তারা আশা করেন, ঈদের আগেই শতভাগ কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হবে।”
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় বিজিএমইএ নেতৃবৃন্দ তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
বিজিএমইএর নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার বিষয়েও রাষ্ট্রপতিতে জানায় এ সংগঠনের পরিচালনা পর্ষদ।
রাষ্ট্রপতি সংগঠনটির নতুন পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানানোর পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা সৃষ্টিতে বিজিএমইএ নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বলে সাংবাদিকদের বলেন জয়নাল আবেদীন।
তিনি বলেন, বাংলাদেশের তরুণরা খুবই মেধাবি উল্লেখ করে তাদের মেধাকে কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ ক্ষেত্র তৈরির আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের পোশাক শিল্প ইতোমধ্যে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে এবং বিশ্বের বড় বড় বিপণিতে বাংলাদেশের পণ্য বিক্রয় ও প্রদর্শিত হচ্ছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ও বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।”
রাষ্ট্রপতি পণ্যের গুণগত মান এবং পণ্য বহুমুখীকরণে নিরবিচ্ছিন্ন প্রয়াস চালানোর জন্য বিজিএমইএ পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান।
তিনি কারখানাগুলোতে শ্রমিক-মালিক সম্পর্ক এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতেও মালিকদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব সম্পদ বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
