২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ট্রাক মালিকদের ধর্মঘটে বেনাপোল বন্দরে বাণিজ্য বন্ধ

ভারতের পেট্রাপোল স্থলবন্দরের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ধর্মঘটে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 02:48 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতীয় ট্রাক মালিক সমিতির অভিযোগ, বেনাপোল স্থলবন্দরে কর্মরত নাইট গার্ড, হ্যান্ডলিং শ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা বকশিস আদায়ের নামে ট্রাক চালকদের হয়রানি করছে।

“এর প্রতিবাদে এবং প্রতিকারের দাবিতে তারা বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি কার্যক্রম বন্ধ রেখেছে।”

ভারতীয় ট্রাক চালক শ্যামল চক্রবর্তী বলেন, “আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল বন্দরে বিভিন্ন সংগঠনের কাছে নানা ভাবে হয়রানি হতে হয়। তারা বকশিস এর নামে জোর করে টাকা আদায় করে।”

তিনি বলেন, এ সব সমস্যা সমাধান না হলে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যাবে না বলে বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেনাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, “কিছু কিছু স্টাফ আছে যারা ভারতীয় ট্রাক চালকদের সঙ্গে অনৈতিক আচরণ করে থাকেন।”

এ বিষয়ে পেট্রাপোল স্থলবন্দরের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির সঙ্গে আলোচনা করতে তাদের একটি দল ভারতে গেছে বলে জানান তিনি।