বিমানকর্মীদের ‘ঢালাও’ টিকেট, সাবেকরা চান নীতিমালার বদল
যে নীতিমালার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা ভ্রমণের জন্য বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে টিকেট পাচ্ছেন, সেই নীতিমালা পরিবর্তনের করার পক্ষে মত দিয়েছেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সাবেক কর্মকর্তারা।
বিমানকর্মীদের প্রতিবছর মোটা টাকার টিকেট বরাদ্দ দেওয়ার বিষয়টি গণমাধ্যমে আসার পর তারা বলছেন, বিমানকর্মীদের ‘ঢালাওভাবে’ টিকেট দেওয়া বন্ধ করা উচিত।
বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও।
মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন নীতিমালার আলোকে বিমান তার কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর নামমাত্র মূল্যে টিকিট দিয়েছে সেই নীতিমালা আমরা বিমানের কাছে চেয়েছি।
“সেটি আমরা আজ-কালের মধ্যে পেয়ে যাব। এটা বিমান বোর্ডে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। এভাবে চলতে পারে না। আমরা এটি পরিবর্তন করব।”
নীতিমালায় যা রয়েছে বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, “বিমানে কর্মরত বর্তমান, অবসরপ্রাপ্ত স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের টিকেট পাওয়াটা এক ধরনের ট্রেড ফ্যাসিলিটি। বিমানের প্রশাসনিক আদেশ অনুযায়ী চাকরির সময়সীমার মধ্যে প্রকারভেদে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন রেয়াতি টিকেট প্রাপ্য হন, যাকে আইডি টিকেটও বলা হয়।” তিনি জানান, বিমানের ১১৫তম বোর্ড সভার অনুমোদনে বর্তমানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে একজন কর্মকর্তা-কর্মচারী নির্ভরশীলসহ বছরে সর্বোচ্চ ২০টি টিকেট পাবেন। অর্থাৎ নীতিমালা অনুসারে শুধু স্বামী, স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল পিতা-মাতা এই সুবিধার আওতাভুক্ত। নীতিমালা অনুযায়ী, বিমানের কর্মকর্তা-কর্মচারীরা চাকরির এক বছর পূর্ণ হওয়ার পর দ্বিতীয় বছর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৮৫, ৯০, ৯৫ এবং ১০০ শতাংশ রেয়াতি হারে টিকেট প্রাপ্য হন। প্রত্যেক বিভাগের প্রশাসনিক শাখায় প্রক্রিয়ার পর এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এসব টিকেট দেওয়া হয়। রেয়াতি টিকেটেও প্রচলিত সব ধরনের শুল্ক কর্মীদের পরিশোধ করতে হয়। তবে রেভিনিউ প্যাসেঞ্জারে কোনো ফ্লাইট পূর্ণ থাকলে কখনই রেয়াতি টিকেটধারী কর্মকর্তা-কর্মচারী সে ফ্লাইটে ভ্রমণ করতে পারেন না বলে জানান তাহেরা খন্দকার।
|
দশ বছরে ৭০ কোটি টাকার টিকেট
সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তলবে দশ বছরে কর্মীদের টিকেট বরাদ্দের একটি হিসাব বিমান কর্তৃপক্ষ গত সপ্তাহে দিয়েছে।
বিমানের হিসাব অনুযায়ী, সংস্থাটির বিভিন্ন বিভাগের কর্মীরা ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত অন্তত ৪৭ হাজার ৮৪৫টি রেয়াতি টিকেট নিয়েছেন। কর্মীরা নিজের জন্য বা স্বামী, স্ত্রী, বাবা, মা ও সন্তানদের জন্য এসব টিকিট নিয়েছেন।
এসব টিকেটের অনুমিত মূল্য অন্তত ৭০ কোটি টাকা। সে হিসাবে বছরে প্রায় সাত কোটি টাকার টিকিট পেয়েছেন বিমানকর্মীরা।
সংসদীয় কমিটিকে বিমানের দেওয়া হিসাব অনুযায়ী, ওই সময়ে প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট শাখার কর্মীরা সবচেয়ে বেশি টিকেট নিয়েছেন। এই শাখার ৫৫১ জন কর্মী নিয়েছেন ১০ হাজার ৮৪৮টি টিকেট।
এছাড়া ফ্লাইট পরিচালন শাখার তানিয়া রেজা একাই নিয়েছেন ৩৩৮টি এবং জয়নাল আবেদীন নিয়েছেন ১৭৩টি টিকেট।
এছাড়া অর্থ পরিদপ্তরের হিসাব কর্মকর্তা নারগিস সুলতানা ১৭০, কনিষ্ঠ বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন ১৪২, ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার আরিফ আহমদ ১৫০টি টিকেট নিয়েছেন দশবছরে।
লন্ডন, দুবাই, জেদ্দা, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর ও রাজশাহী গন্তব্যে ভ্রমণের জন্য এসব টিকেট নেওয়া হয়েছে।
উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার নিয়েছেন ৮১টি টিকেট। তিনি নিজে, স্বামী, সন্তান ও মায়ের জন্য এসব টিকিট নিয়েছেন বলে বিমানের প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্লাইট সার্ভিস শাখার জুনিয়র পার্সার মোস্তারি আনোয়ার নিয়েছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, সৌদি আরব ও মালয়েশিয়ার ৬১টি টিকেট। একই শাখার পারভীন শিরিন, শবনম কাদের, সানজিদা পারভীন, ফারিহা রহমান, গাহিদা রম্মি, রোজিনা আক্তার আন্তর্জাতিক গন্তব্যের ৪০-৫০টি করে টিকেট পেয়েছেন দশ বছরে।
একই সময়ে সহকারী ব্যবস্থাপক (ক্রয়) স্বপন কুমার দে নিয়েছেন ৬৮টি টিকেট। এর মধ্যে ঢাকা-লন্ডন-ঢাকা গন্তব্যের ১১টি টিকিট নিয়েছেন ৯০ শতাংশ ছাড়ে। দুটি নিয়েছেন শতভাগ ছাড়ে, অর্থাৎ বিনামূল্যে। চারটি করে টিকেট নিয়েছেন ঢাকা-সিঙ্গাপুর-কুয়ালালামপুর-ঢাকা এবং ঢাকা-কলকাতা-ঢাকা গন্তব্যে।
বিমানের কর্মকর্তা-কর্মচারীদের টিকেট দেওয়ার এই নীতিমালা অবশ্যই পর্যালোচনা করা দরকার বলে মত দিয়েছেন সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন।
সাবেক পরিচালক কাজী ওয়াহিদুল আলমও ‘ঢালাওভাবে’ কর্মীদের টিকেট দেওয়ার বিপক্ষে।
তিনি বলেন, “বিমানের কর্মকর্তা-কর্মচারীদের ঢালাওভাবে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে টিকেট দেওয়া বন্ধ করতে হবে। বছরে দুই-চারটি টিকেট পরিবারের জন্য তারা পেলে সেটা ঠিক আছে। কিন্তু ঢালাওভাবে টিকিট দেওয়া একটা গর্হিত কাজ। এটা অবিলম্বে বন্ধ করে নতুন করে ভাবতে হবে।”
বিমানকে লাভজনক করতে হলে এর কর্মকর্তা-কর্মচারীদের টিকেট দেওয়ার বিষয়ে আইন থাকা দরকার বলে অভিমত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের।
“ঢালাওভাবে কেউ যেন বিনামূল্যে বা নামমাত্র মূল্যে টিকেট না পান সেজন্য কঠোর নীতিমালা করতে হবে। বর্তমানে যে নীতিমালার কথা বলা হচ্ছে সেটা পরিবর্তন করতে হবে।”
আর নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক একজন কর্মকর্তা মত হচ্ছে, শুধু কর্মকর্তা বা কর্মচারীই নয়, বিভিন্ন সময়ে যারা বিমানের পরিচালনা বোর্ডে ছিলেন তারা কে কতটি টিকেট কত দামে নিয়েছেন তাও তদন্ত করা উচিত।
