২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারভিডা নির্বাচনে আব্দুল হকের প্যানেল জয়ী

রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নির্বাচনে আব্দুল হকের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 01:03 AM

Updated : 10 Oct 2022, 09:16 PM

পরিচালনা পর্ষদের ২৫ জনের মধ্যে ২২ জনই বিজয়ী হয়েছে এই প্যানেল থেকে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অরনেট হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। মধ্যরাতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

২০১৯-২০ মেয়াদের এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। গণতান্ত্রিক ঐক্য পরিষদের নেতৃত্ব দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ও বারভিডার সাবেক সভাপতি মালিক আব্দুল হক, যিনি হকস বের মালিক।  অপর প্যানেল সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন অটোকন গ্রুপের আবদুল হামিদ শরীফ।

এছাড়া নয়জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটে নির্বাচিত নতুন ২৫ জন পরিচালকের মধ্য থেকে একজনকে সভাপতি এবং তিনজনকে সহ-সভাপতিসহ বিভিন্ন পদে মনোনীত করা হবে।

প্রথা অনুযায়ী বিজয়ী প্যানেল প্রধান আব্দুল হক যে বারবিডার নতুন সভাপতি হচ্ছেন, এটা নিশ্চিত করে বলা যায়।

২৯ জুলাই নির্বাচিত পরিচালকদের প্রথম সভায় নতুত নেতৃত্ব নির্বাচিত হবে।

সম্মিলিত পরিষদ থেকে যে তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন তারা হলেন-আহসান সেরানিবাত, হাজী ইউনূছ ও কাওসার আজম।

নিরবাচনে বিজয়ী হওয়ার পর রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকন্ডিশন্ড গাড়ির মূল্য মধ্যবিত্তের নাগালের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।বিদ্যমান শুল্কে গাড়ির দাম কমবে না, তবে মধ্যবিত্তের স্বপ্ন একটি গাড়ি। এ লক্ষ্যে রূপকল্প-২০২১ সামনে রেখে গাড়ির দাম কমানো প্রয়োজন। কমপক্ষে ১২৭ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে গাড়ি আমদানিতে।

“অথচ এই শুল্ক পর্যায়ক্রমে কমিয়ে আনা হলে মধ্যবিত্তরা সহজে গাড়ি কিনতে পারবেন। সেই কাজটিই করার উদ্যোগ নেব।”

নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদকে বিজয়ী করায় সব ভোটারকে ধন্যবাদ জানান আব্দুল হক।