২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেলটেক এমডি তৌফিক সেরাজের জীবনাবসান

আবাসন নির্মাণ প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2019, 01:09 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

স্পেন যাওয়ার পথে গত বৃহস্পতিবার মধ্যরাতে কাতারের দোহায় তার মৃত্যু হয় বলে শেলটেকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “ব্যবসায়িক কাজে শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের সঙ্গে স্পেন যাচ্ছিলেন এমডি স্যারও। ফ্লাইটটি  কাতারের দোহা বিমানবন্ধন পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ফ্লাইটটি দোহা বিমানবন্দরে অবতরণ করে। সেখানেই মারা যান তিনি।”

তৌফিক সেরাজের লাশ এখনও দোহাতেই রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে রোববারের মধ্যেই লাশ ঢাকায় আনার চেষ্টা চলছে বলে জানান শেলটেকের ওই কর্মকর্তা।

তৌফিক সেরাজের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

প্রকৌশলী তৌফিক সেরাজ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রথম সভাপতি ছিলেন।

তৌফিক সেরাজের জন্ম ১৯৫৬ সালের ১ জুলাই পাবনার আতাইকুলা থানার সড়াডাঙ্গী গ্রামে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৭৯ সালে পুরকৌশলে স্নাতক এবং ১৯৮২ সালে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮৭ সালে যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি।

১৯৮৭ সালে বুয়েটে শিক্ষকতায় যোগ দিলেও পরে ‘শেলটেক কোম্পানি লিমিটেড’ গঠন করে পুরোদস্তুর ব্যসায়ে নামেন তিনি। স্কুলজীবনের বন্ধু কুতুব উদ্দিনসহ কয়েকজনি ছিলেন তার ব্যবসায়িক অংশীদার।

তৌফিক সেরাজ তিন মেয়াদে রিহ্যাবের সভাপতি ছিলেন। নির্মাণ, নগরায়ন ও আবাসন বিষয়ে কয়েকটি বইও লিখেছেন তিনি।