২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা তুলতে ব্যাংকে ভিড়, কলমানি রেট স্বাভাবিক

ব্যাংকগুলোতে টাকা তুলতে দীর্ঘ লাইন থাকলেও কলমানি রেট স্বাভাবিকই ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 10:31 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

৩ জুন সোমবার ব্যাংক খোলা থাকলেও মূলত বৃহস্পতিবারই ছিল ঈদের আগে শেষ লেনদেন। যারা ঈদে গ্রামের বাড়ি যাবেন তারা প্রয়োজনীয় টাকা তুলতে ব্যাংকে ভিড় জমিয়েছিলেন।

টাকা তুলতে ব্যাংকের শাখাগুলোতে দেখা গেছে মানুষের দীর্ঘ লাইন। অনেককে দেড়-দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে টাকা তুলতে দেখা গেছে।

ব্যাংকগুলোর পাশাপাশি এটিএম বুথেও ছিল ভিড়। নতুন টাকার জন্য মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকেও ছিল মানুষের লাইন।

বরাবরের মতো এবার ঈদকে সামনে রেখে নগদ টাকার চাহিদা বেশি থাকলেও আন্তঃব্যাংক লেনদেনে স্বল্প সময়ের জন্য ধার করা টাকার সুদের হার (কলমানি রেট) মোটামুটি স্বাভাবিক ছিল।

বৃহস্পতিবার কলমানি রেট সর্বোচ্চ ৪ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত ওঠে। বেশ কিছু দিন ধরেই কলমানি রেট এমনই রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কড়া নজরদারির কারণে নগদ টাকার চাহিদা থাকলেও কলমানি রেট বাড়ছে না বলে জানিয়েছেন ব্যাংকারা।

কলমানি রেট হচ্ছে- কম সময়ের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে টাকা ধার (ঋণ) করার সুদের হার।

গত কয়েক বছর ধরে না বাড়লেও এর আগে দুই ঈদে কলমানি রেট বেশ বেড়ে যেতো। একবার কোরবানি ঈদের আগে কলমানি রেট ১৫০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার রাজধানীর সব ব্যাংকেই ছিল উপচো পড়া ভিড়। গ্রাহকদের সেবা দিতে হিমশিম খেতে দেখা গেছে ব্যাংক কর্মকর্তাদের।

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ,“আজকে ব্যাংক গুলোতে গ্রাহকদের বেশ ভির ছিল। যারা গ্রামে চলে যাবেন তাদের অনেকেই তাদের শেষ লেনদেন আজকে সেরেছেন।”

“তবে গার্মেন্টস গুলোর জন্য আমরা জুনের ১ তারিখ এবং জুনের ২ তারিখ শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখবো। গার্মেন্টসের লেনদেন গুলো এই দুই দিনে বেশি হবে,” বলেন তিনি।

ছুটির এই দিনগুলোতে গ্রাহকদের প্রয়োজনীয় টাকা তুলতে যাতে কোন সমস্যা না হয় সেজন্য রাজধানী ঢাকাসহ সব ব্যাংকের এটিএম বুথগুলোতে পর‌্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

৩১ মে শুক্রবার সাপ্তাহিক ছুটি। ১ জুন শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২ জুন রোববার শবে-ই-কদরের ছুটির দিনে রাজধানী ঢাকা, সাভার, গাজিপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে।

৩ জুন সব ব্যাংক খোলা থাকলে দুই পুঁজিবাজারে লেনদেন হবে না। ৪ জুন থেকে ৮  জুন বন্ধ থাকবে সব ব্যাংক।

ব্যাংক খুলবে ৯ জুন। এই লম্বা ছুটির কারণে বৃহস্পতিবার ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছিল।

রাজধানীর গুলশান, মতিঝিল, দিলকুশা, পল্টন, গুলিস্তান, দৈনিক বাংলাসহ বিভিন্ন এলাকার ব্যাংক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

টানা ছুটিতে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস) এবং অনলাইন  ই-পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা চালু নিরবচ্ছিন্ন চালু রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।