২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেএফসিকে চার লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস রাখায় রাজধানীতে কেএফসির একটি শাখাকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 09:09 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে কেএফসির আউটলেটের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিএফএসএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেইলি রোডের কেএফসি মেয়াদ পার হওয়ার একদিন পরও ১৮ কেজি মুরগির মাংস সংরক্ষণ করে রেখেছিল। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল এটা দেখে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে।

“নিরাপদ খাদ্য আইনের ২৯ ধারায় কেএফসিকে চার লাখ টাকা জরিমানা করা হয় এবং তা সঙ্গে সঙ্গে আদায় করা হয়। এটি সর্বনিম্ন শাস্তি, এ ধরনের অপরাধের ক্ষেত্রে ভবিষ্যতে আরও বড় শাস্তি কিংবা জরিমানা করা হবে।”

তবে এই বিষয়ে বক্তব্যের জন্য কেএফসির বেইলি রোড শাখায় ফোন করলে মেহরাজ নামে সেখানকার একজন কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমরা কথা বলতে পারব না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলবে।”

‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ ফোন নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন।