২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পান্থপথের বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের বিরুদ্ধে মামলা

মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মিষ্টান্ন তৈরি করে যাচ্ছে ঢাকার পান্থপথের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারসহ বিভিন্ন খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 07:53 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএসটিআইয়ের বিশেষ অভিযানে এমন ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স না নেওয়ার অপরাধে নিয়মিত মামলা করেছে সরকারি সংস্থাটি।

বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস (সিএম) বিভাগের সহকারী পরিচালক মন্তোষ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর পূর্ব বাসাবো এলাকার ঢাকা মসলা ঘর, মালিবাগ বাজারের খালেক রাইস এজেন্সি, কেরানীগঞ্জের রওজা পিওর ফুডস লিমিটেড, কলাবাগান এলাকার ওয়ানস্টপ সুপার শপ ও পান্থপথের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে পণ্য বিক্রি করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার নামে পণ্য বিক্রি হলেও এগুলো তারা নিজস্ব কারখানায় উৎপাদন করে না। অন্য কোনো পক্ষের কাছ থেকে মিষ্টান্ন কিনে বিক্রমপুর নামে বিক্রি করে।

সিএম বিভাগের উপ-পরিচালক রিয়াজুল হক জানান, এদিন ঢাকায় পাঁচটি টিম এবং সারা দেশে আরও ১০টি টিএম ভেজাল ও অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে অভিযানে নামে। যাদের সমস্যা পাওয়া যায় তাদের বিরুদ্ধে বিচারিক আদালতে নিয়মিত মামলা হচ্ছে। এসব মামলায় ২৫ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।  

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় যাত্রাবাড়ীর চাই পাই চাইনিজ রেস্টুরেন্টকে ৩০ হাজার ও প্রিয়জন মিনি চাইনিজকে ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

মোহাম্মপুর এলাকায় গোপন অভিযানের মাধ্যমে ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবসা পরিচালনা করায় মেসার্স রাইসা ভ্যারাইটিজ স্টোর, মেসার্স আল্লাহ রাখা জেনারেল স্টোর, মেসার্স নিউ বিসমিল্লাহ জেনারেল স্টোর, মেসার্স মনির জেনারেল স্টোর ও মেসার্স ইয়াছমিন ভ্যারাইটি স্টোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করায় খুলনার নিরালা প্রান্তিকা এলাকার ইলোরা ড্রিংকিং ওয়াটার, বাঘমারার সেতু আইসবার ফ্যাক্টরি ও রুচি আইসবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় রাজশাহীর বিসিক শিল্প নগরীর মেসার্স আহা ফুড প্রেডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা এবং মেসার্স নিউ খান ফুড প্রেডাক্টসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।