বর্ষপূর্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা বিপণন কার্যক্রম উদ্বোধন
বাংলাদেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের এক বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হল এর সেবা বিপনন কার্যক্রম।
রোববার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের এক বছর উদযাপন এবং সেবা বিপণন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি ‘গর্বের বিষয়’ উল্লেখ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “টিভিগুলোকে বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভর করতে হত, এখন আর তেমনটি নেই। বঙ্গবন্ধু স্যাটলাইটের মাধ্যমে এখন সম্প্রচারে যেতে পারবেন।”
ইতোমধ্যে ৩১টি চ্যানেল সম্প্রচারে আছে, ৪৫টির লাইসেন্স রয়েছে এবং আরও কিছু টেলিভিশন সম্প্রচারে আসবে বলে জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি চ্যানেলসহ ব্যাংক খাতেও সেবা দিতে পারবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, “কী ধরনের স্যাটেলাইট হবে, তা পর্যযালোচনা হচ্ছে, বিস্তারিত যত দ্রুত সম্ভব তা প্রধানমন্ত্রীকে দিতে পারব।”
টেলিযোগাযোগমন্ত্রী বলেন, “আমরা প্রাকৃতিক দুর্যোগের দেশ , প্রতি বছর কয়েকবার এটি মোকাবেলা করতে হয়। প্রচলিত ব্যবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তবে এখন স্যাটেলাইট ব্যবহার করে এ যোগাযোগ অব্যাহত রাখতে পারব।”
গত বছরের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
রওনা হওয়ার মোটামুটি আধা ঘণ্টার মাথায় বঙ্গবন্ধু-১ পৌঁছে যায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে।
তারপরেই স্পেসএক্সের লাইভ ওয়েবকাস্টের মধ্যেই ধারণ করা এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হলাম। প্রবেশ করলাম নতুন যুগে।”
বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু-১। বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও সেখানে রয়েছে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বর্ষপূর্তিতে উৎক্ষেপণের সেই মুহূর্ত মনে করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “যখন উৎক্ষেপণের কাউন্ট ডাউন শুরু হলো, ঠিক যখন ক্ষিপ্র গতিতে ছুটে চলছিল সে সময় যে অনুভূতি বুকের মধ্যে ছিল ... মহাকাশে সবুজের মধ্যে লাল পৌঁছে দিতে …
“প্রধানমন্ত্রী তার দূরদর্শিতা দিয়ে নতুন প্রযুক্তিকে নিয়ে আসছেন। ইতোমধ্যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সারাদেশে ২০২১ সাল নাগাদ হাইস্পিড ইন্টারনেট নিয়ে যাব। দেশের প্রতি ইঞ্চি মাটি ইন্টারনেট সংযোগ আসবে।“
উৎক্ষেপণের ছয় মাসের মাথায় স্যাটেলাইট সিস্টেম নির্মাণকারী ফরাসি কোম্পানি তালেস এলিনিয়া স্পেসের কাছ থেকে ‘ট্রান্সফার অফ টাইটেল’ হস্তান্তরের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বুঝে নিয়েছিল কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।
অনুষ্ঠানে বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “সকল বেসরকারি টেলিভিশনের সাথে কমার্শিয়াল কার্যযক্রম শুরু করতে চুক্তি করা হবে।
“টিভিগুলোর জন্য আলাদা করে কোনো ভিস্যাট লাগবে না, আমরা সরাসরি ফাইবার অপটিক দিয়ে সেবা পৌঁছে দেব।”
অনুষ্ঠানে দীপ্ত টিভি, যমুনা টিভি, সময় টিভি, মাই টিভি, এবং বাংলা টিভির সাথে চুক্তি হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী টিভিগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে সম্প্রচার করবে।
বাংলাদেশ এতদিন বিদেশি স্যাটেলাইট ভাড়া করে সম্প্রচার ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে গবেষণার কাজ চালিয়ে আসছিল; বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বাংলাদেশকে গুণতে হয় বছরে ১ কোটি ৪০ লাখ ডলার (১১৮ কোটি টাকা)।
অর্থনীতির অগ্রগতির সঙ্গে সঙ্গে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে এই কৃত্রিম উপগ্রহ পাঠানোর পর বাংলাদেশ ভাড়া নেওয়া স্যাটেলাইটের নির্ভরশীলতা কাটিয়ে উঠে অর্থ সাশ্রয় করতে পারবে বলে আশা করছে সরকার।
কেবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট চ্যানেল দেখার সুযোগ করে দিতে দেশে প্রথমবারের মত ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু করে বেক্সিমকো কমিউনিকেশন্সের ‘আকাশ’। এর মধ্য দিয়ে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক যাত্রাও শুরু হয়।
বর্ষপূর্তির অনুষ্ঠানে সোনালী ব্যাংকের সাথে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় সোনালী ব্যাংকের ব্রাঞ্চ-টু-ব্রাঞ্চ যোগায়োগ ও এটিএম কাটেকটিভি নিয়ে একসাথে কাজ করা হবে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সংক্রান্ত একটি স্মারক ডাকটিকেট উন্মোচন করেন।
সোনালী ব্যাংক চেয়ারম্যান আশরাফুল মকবুলসহ অন্যান্যরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
