২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় মাসে ১২ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি

রপ্তানি আয় বাড়লেও বাণিজ্য ঘাটতি কমছে না।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2019, 11:23 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

চলতি অর্থবছরের নয় মাসে রপ্তানি আয় বেড়েছে ১২ দশমিক ১০ শতাংশ। আর আমদানি খরচ বেড়েছে ৫ দশমিক ১৩ শতাংশ।

তারপরও পণ্য বাণিজ্যে বাংলাদেশের সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ কোটি ৮০ লাখ (১১.৯৩ বিলিয়ন) ডলার।

এই ঘাটতি গত অর্থবছরের একই সময়ের চেয়ে কিছুটা কম হলেও অর্থনীতির জন্য ‘স্বস্তিদায়ক’ নয় বলে মনে করছেন অর্থনীতির বিশ্লেষকরা। বিশেষ করে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার লেনদেন ভারসাম্যের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়,  ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মার্চ  সময়ে ৪ হাজার ২৩৬ কোটি ৭০  লাখ ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। একই সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৪৩ কোটি ৯০ লাখ ডলার।

এ হিসাবে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ কোটি ৮০ লাখ (১১.৯৩ বিলিয়ন) ডলার।

২০১৭-১৮ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৩১৪ কোটি ৩০ লাখ ডলার। অতীতের সব রেকর্ড ভেঙ্গে ১ হাজার ৮২৫ কোটি ৮০ লাখ ডলারে বাণিজ্য ঘাটতি নিয়ে অর্থবছল শেষ হয়েছিল।

গত অর্থবছরে আমদানি ব্যয় ২৫ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধির বিপরীতে রপ্তানি আয় ৬ দশমিক ৪৩ শতাংশ বেড়েছিল।

আদানির গতি কম থাকায় এবং রপ্তানি বাড়ায় সবাই আশা করেছিল এবার বাণিজ্য ঘাটতি বেশ খানিকটা কমবে। কিন্তু নয় মাসের (জুলাই-মার্চ) তথ্যে তেমনটা দেখা যাচ্ছে না।

সেবা বাণিজ্যে ঘাটতি বেড়েছে

নয় মাসের হিসাবে পণ্য বাণিজ্যে ঘাটতি গত অর্থবছরের চেয়ে কম থাকলেও সেবা বাণিজ্যে ঘাটতি বেড়ে গেছে।

চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে সেবা বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে  ২৬৮  কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ২৫৮ কোটি ৯০ লাখ ডলার ছিল।

তবে সরকারের আর্থিক হিসাবে (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট) উদ্বৃত্ত ধরে রেখেছে বাংলাদেশ। জুলাই-মার্চ সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৪২০ কোটি ৯০ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ৫৪৯ কোটি ১০ লাখ ডলার।

এফডিআই বেড়েছে ৩৯.২১ শতাংশ

গত অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ২০৮ কোটি ১০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাংলাদেশে এসেছিল। চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ২৮৯ কোটি ৭০ লাখ ডলার।এ হিসাবে এই নয় মাসে এফডিআই বেড়েছে ৩৯ দশমিক ২১ শতাংশ।

এই সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ বাবদ দেশে এসেছে ৪৩১কোটি ৪০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেভাবে আমদানি বাড়ছিল সেটা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতিতে বিপর্যয় ঘটত। বছরের শেষ ভাগে এসে আমদানি কমায় সে ঝুঁকি কেটে গেছে। আমদানি কমায় ব্যালান্স অফ পেমেন্টে ঘাটতিও কমে আসছে। কমছে পণ্য বাণিজ্যে ঘাটতি।”

লেনদেন ভারসাম্যে ঘাটতি ৪.২৩ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৩ কোটি ৪০ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৬৪৮ কোটি ৭০ লাখ ডলার। আর ৯৭৮ কোটি ডলারের বিশাল ঘাটতি নিয়ে ২০১৭-১৮ অর্থবছর শেষ করেছিল বাংলাদেশ।

সাধারণভাবে কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝা যায় চলতি হিসাবের মাধ্যমে। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়।

এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।