২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিক্সমামা ‘নারীর চোখে বাংলাদেশ’ বিজয়ীরা পুরস্কৃত

ডিজিটাল কনটেন্ট মার্কেটপ্লেস পিক্সমামার উদ্যোগে বাংলাদেশে নারী ফটোগ্রাফারদের জন্য আয়োজিত ‘নারীর চোখে বাংলাদেশ’ ফটো প্রতিযোগিতাটি শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 11:08 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

মঙ্গলবার রবি কর্পোরেট অফিসে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

নারী ফটোগ্রাফারদের সৃষ্টিশীলতাকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ফটোগ্রাফি পেশায় তাদের উৎসাহী করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ২শ’র এর বেশি নারী ফটোগ্রাফার ১০ হাজারের বেশি ফটো জমা দেন। মোট দুটি ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে পিক্সমামার ডিজিটাল প্লাটফর্মে  নারীদের ফটোআপলোডের সংখ্যার ওপর ভিত্তি করে তিন জন বিজয়ী নির্বাচন করা হয়।

দ্বিতীয় ধাপে বিচারকরা উন্মুক্ত ভোটের জন্য ৫০টি ছবি মনোনীত করেন। এগুলোর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া ৬টি ছবি প্রতিযোগিতায় বিজয়ী হয়।

এ প্রতিযোগিতায় সর্বোচ্চ ফটো আপলোড করে প্রাইজমানি হিসেবে ২৫ হাজার টাকা জিতেছেন ফারহানা আক্তার। এই ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে অনিন্দিতা রায় ও মুন্নী আকন্দ পেয়েছেন ১৫ হাজার ও ১০ হাজার টাকা।

উন্মুক্ত ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন নওরিন আনসারি, রাফিয়া রিতু, নাফিয়া আনজুম, শামা আনিকা, আফরিন মাহী ও সাদিয়া আক্তার উমামা। বিজয়ী প্রত্যেকটি ছবি ৩ হাজার টাকা করে কিনে নেয় পিক্সমামা।

পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও টি-শার্ট উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরায় রবি অসামান্য ভূমিকা রেখে চলেছে। ‘নারীর চোখে বাংলাদেশ’র মতো আয়োজন দেশের নারী আলোকচিত্রীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।”

প্রতিমন্ত্রী এ সময় পিক্সমামার মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন। গুগল পে­ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

বিশেষ অতিথি ছিলেন একুশে পদক বিজয়ী দেশের প্রথম মহিলা ফটোগ্রাফার সাইদা খানম। আলোকচিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য তাঁকে 'আজীবন সম্মাননা' পদক প্রদান করে পিক্সমামা।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘নারীর চোখে বাংলাদেশ’ প্রতিযোগিতায়  ২শ’ নারী ফটোগ্রাফার অংশ নিয়েছেন জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।

“আমি মনে করি এ উদ্যোগ দেশের ডিজিটাল অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।”

পিক্সমামা হলো ই-কমার্সভিত্তিক একটি ফটো শেয়ারিং প্লাটফর্ম যেখানে ফটোগ্রাফাররা নিজেদের তোলা ছবি বিক্রি করতে পারেন। যে সব তরুণ ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চান, তাদের প্রতিভা বিকাশের  সেতুবন্ধন হিসেবে কাজ করে এ প্লাটফর্ম।

রবির কর্মীদের ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর-ভেঞ্চার প্রকল্পের আওতায় পিক্সমামা স্বাধীন ব্যবসা হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।