বাজার পরিস্থিতিতে সন্তুষ্ট বাণিজ্যমন্ত্রী
রোজায় যেসব পণ্য বেশি লাগে, সেসবের যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “কোথাও কোথাও কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। কেউ কেউ হয়ত সুযোগ নিতে পারেন।
“ওভারঅল বাজারের যে অবস্থা, তাতে কিন্তু আমরা মোটামুটি স্যাটিসফাইড, মানুষের উপর চাপ পড়বে না।”
রোজা শুরুর এক সপ্তাহ বাকি থাকলেও অনেক পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “টিসিবি তাদের পণ্য ছাড়তে শুরু করেছে। ওভারঅল বলতে পারি, আমরা যে রকম চেষ্টা করেছিলাম, (বাজার) সে রকম সহনীয় মাত্রায় রয়েছে।”
বাণিজ্যমন্ত্রী বলেন, ছোলা, তেল, চিনি, ডালসহ রোজায় যেসব পণ্য বেশি লাগে সেগুলোর দাম বাড়ার কোনো কারণ নেই, যথেষ্ট পরিমাণ বাজারে রয়েছে।
“রোজাকে সামনে রেখে আমরা যথেষ্ট সচেতন। ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিচ্ছে।”
নিত্যপণ্যের মজুদ যথেষ্ট থাকায় একসঙ্গে বেশি পণ্য না কিনতে সবার প্রতি আহ্বান জানান সচিব।
পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে দাবি করে টিপু মুনশি বলেন, “এটা শক্তভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিভাগীয় কমিশনারদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
চালের দাম কমার তথ্য তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, “এখন কৃষকদের কাছ থেকে উল্টো চাপ আসছে। তারা বলছেন, এক মণ ধান বিক্রি করে এক মাংস কিনতেই টাকা শেষ হয়ে যাচ্ছে।”
রোজায় মাংসের চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি বলেন, “নির্ধারিত দামেই যেন গরু-খাসির মাংস বিক্রি হয়, সেই চেষ্টা চলছে।
“বাইরে থেকে গরু আমদানি বন্ধ রাখা হয়েছে, এতে আমাদের খামারিরা সুবিধা পাচ্ছে।”
