২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফআইসিসিআই’র ৫৫ বছর উদযাপন

যাত্রা শুরুর ৫৫বছর উদযাপন করেছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 05:36 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে গালা নাইটের মাধ্যমে বাংলাদেশে ৫৫ বছরের যাত্রা উদযাপন করা হয়েছে বলে এফআইসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদান রাখায় বাংলাদেশ বিনিয়েগ উন্নয়ন কর্তপক্ষ (বিডা), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ পুলিশকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

এফআইসিসিআই ১৯৬৩ সালের ১ জুলাই যাত্রা শুরু করে। পরবর্তীতে তৎকালীন বাণিজ্যিক কেন্দ্রস্থল চট্টগ্রামের আগ্রাবাদের নামানুসারে আগ্রাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নামে পরিচিত পায়।

১৯৮৭ সালে চেম্বারটি ঢাকায় স্থানান্তরিত হয় এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নামে রূপান্তরিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ৫৫ বছরে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারকে সহায়তা দিয়েছে। সবমিলিয়ে বাংলাদেশে বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারী আনতে অবদান রেখে চলেছে এফআইসিসিআই।

“আর এসব উদ্যোগ বাংলাদেশকে নিম্নআয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার পথযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” 

এফআইসিসিআই বর্তমানে ২০০ এর বেশি সদস্য নিয়ে ৮৫ শতাংশ বিদেশী বিনিয়োগের সাথে পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছে এবং এর মাধ্যমে প্রায় ৩০ লাখ মানুষের জীবনজীবিকায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখছে।

একইসাথে বাংলাদেশে বর্তমানে ৩০ শতাংশ অভ্যন্তরীণ রাজস্বে অবদান রাখছে এবং  শীর্ষ রাজস্ব প্রদানকারী ৫ টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠানই এর সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রতিষ্ঠাকাল থেকে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে সরকারকে সহায়তা দিয়ে আসছে জানিয়ে এফআইসিসিআই’র সভাপতি শেহজাদ মুনিম বলেন, “আজকের এই দিনটি আমাদের জন্য একটি শুভদিন। কেননা, এই দিনে আমরা আমাদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাথে বাংলাদেশের উন্নয়নের যাত্রাকেও উদযাপন করছি।”