ঢাকাবাসীর ঘরে খাবার পৌঁছে দেবে ‘উবার ইটস’
ঢাকাবাসীর ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার সেবা শুরু করতে যাচ্ছে ‘উবার ইটস’।
মঙ্গলবার শুরু হচ্ছে ‘উবার ইটস’ এর সেবা।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, শুরুতে রাজধানীর দেড় শতাধিক রেস্তোরাঁ পার্টনারের সঙ্গে কাজ করবে ‘উবার ইটস’।
প্রাথমিকভাবে এই সেবা গুলশান, বনানী ও বারিধারা এলাকার গ্রাহকরা পাবেন। পরে এই সেবা ছড়িয়ে দেওয়া হবে পুরো রাজধানীতে।
সংবাদ সম্মেলনে ‘উবার ইটস’ ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান ভাবিক রাঠোর বলেন, বাংলাদেশের প্রতি উবারের প্রতিশ্রুতির অংশ হিসেবে উবার ইটস চালু করছেন তারা।
“উবারের বহুল পরিচিত প্রযুক্তির সঙ্গে আমরা এমন একটি বাজার তৈরির চেষ্টা করছি যা গ্রাহক, রেস্টুরেন্ট ও ডেলিভারি পার্টনারদের ভিন্ন মাত্রা যোগ করবে। গ্রাহকরা যেন সহজেই কয়েকটি ক্লিকের মাধ্যমে তাদের পছন্দের খাবার অর্ডার করতে পারেন তা নিশ্চিত করবে আমাদের এই সেবা।
রাইড শেয়ারিং কোম্পানি উবার এখন ঢাকায় খাবার সরবরাহ সেবাও দেবে। রোববার ঢাকার একটি হোটেলে হয়ে গেল ‘উবার ইটস’ নামের এই সেবার উদ্বোধন। ছবি: মাহমুদ জামান অভি
উবার জানিয়েছে, উবার ইটস অ্যাপ ব্যবহারের জন্য প্রথমে এটি ডাউনলোড করতে হবে। এরপর ডেলিভারির স্থান ঠিক করতে হবে। পছন্দের খাবারের জন্য সে অনুযায়ী রেস্তোরাঁ, রান্নার ধরন, খাবারের মূল্য অনুযায়ী ক্রয়াদেশ করতে হবে।
এই অ্যাপের মাধ্যমে অর্ডার করা খাবারের মূল্য ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নগদে পরিশোধ করা যাবে।
অর্ডার গ্রহণ করার সঙ্গে সঙ্গেই গ্রাহক আপডেট জানতে পারবেন এবং অর্ডারটি গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে কি না তা ট্র্যাক করতে পারবেন। উবার মোটরবাইক এবং বাইসাইকেলের মাধ্যমে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেবে।
উবার জানিয়েছে, উদ্বোধনী দিনে প্রথম দুইটি অর্ডারে ক্রেতারা খাবারের ওপর ৫০ ভাগ ছাড় পাবেন।
২০১৪ সালের যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে উবার ইটস যাত্রা শুরু করে। ২০১৫ সালে কানাডার টরেন্টোতে স্বতন্ত্র অ্যাপ হিসেবে কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি পৃথিবীর ৩৫টি দেশের ৩৫০টিরও বেশি শহরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উবার ইটস এর বাংলাদেশ প্রধান মিশা আলী এবং ম্যাডশেফ ও চিজ পার্টনার লাবীব তরফদার উপস্থিত ছিলেন।
