২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ বীমার মূলধন হাজার কোটি টাকা করার প্রস্তাব

রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি সাধারণ বীমা কর্পোরেশনের প্রস্তাবিত অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 08:37 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

সংসদে উত্থাপিত একটি খসড়া আইন পর্যালোচনা করে এই সুপারিশ করেছে কমিটি।

গত ৬ মার্চ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘বীমা করপোরেশন বিল- ২০১৯’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সোমবার বিলটি পরীক্ষা করে সংসদীয় কমিটি।

১৯৩৮ সালের ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট রহিত নতুন আইন করতে বিলটি সংসদে তোলা হয়। প্রস্তাবিত আইনের অধীনে জীবন বীমা ও সাধারণ বীমাকে আনা হয়েছে।

এতদিন জীবন বীমা এবং সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন ছিল ২০ কোটি টাকা করে।

প্রস্তাবিত আইনে জীবন বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়। আর সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা প্রস্তাব করা হয়।

সংসদীয় কমিটি সাধারণ বীমা কর্পোরেশেনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা করার প্রস্তাব করেছে।

কমিটির সদস্য আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দেশে এখন অনেক বড় বড় প্রকল্পে কাজ হচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল কম হওয়ার কারণে দেশের প্রতিষ্ঠানে বীমা করানো যায় না। একারণেই মূলধন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।”

কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য অর্থমন্ত্রী মুস্তাফা কামাল, আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী. আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী ও রানা মোহাম্মদ সোহেল অংশ নেন।