২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশের আয়োজনে বিজ্ঞান উৎসব

স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে সারাদেশে বিজ্ঞান উৎসব আয়োজন করতে যাচ্ছে বিকাশ ও বিজ্ঞান বিষয়ক সাময়িকী বিজ্ঞান চিন্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 09:59 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

রোববার দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং শীর্ষস্থানীয় বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন বিজ্ঞান চিন্তা’র মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম এবং বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম চুক্তিতে সই করেন।

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে স্কুল শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। বিভাগীয় পর্যায় থেকে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে।

এছাড়া ৭ বিভাগীয় জেলা শহরের আয়োজনগুলোতে থাকবে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি প্রতিটি আয়োজনে থাকবে বিজ্ঞান বিষয়ক বইয়ের প্রর্দশনী ও বিক্রির ব্যবস্থা।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের হেড অব রেগুলেটরি অ্যন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স) সায়মা আহসান এবং বিজ্ঞান চিন্তার উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউর রহমান উপস্থিত ছিলেন।