বাণিজ্য ঘাটতি কমাতে থাই বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে বিনিয়োগ করতে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে থাই বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের গুণগত পণ্য আমদানীর বড় একটি মার্কেট থাইল্যান্ড। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক থাইল্যান্ডের অনুকুলে। বাণিজ্য ঘাটতি কমাতে বন্ধু রাষ্ট্র হিসাবে থাইল্যান্ড বিনিয়োগ নিয়ে আসতে পারে।”
থাইল্যান্ড উইকের উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: আব্দুল্লাহ আল মমীন
“বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান আমাদের দেশে বিনিয়োগ করছে। থাইল্যান্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে, তারা যেন আমাদের দেশে বিনিয়োগ করে।”
সোনারগাঁও হোটেলে বুধবার থাইল্যান্ড উইক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: আব্দুল্লাহ আল মমীন
সোনারগাঁও হোটেলে বুধবার শুরু হওয়া থাইল্যান্ড উইক থেকে পণ্য কিনছেন দর্শনার্থীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন
সোনারগাঁও হোটেলে থাইল্যান্ড উইকে বিভিন্ন পণ্যে সাজানো স্টল। ছবি: আব্দুল্লাহ আল মমীন
থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৭০ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরে থাইল্যান্ড থেকে আমদানি করে ৭৪ কোটি ১০ লাখ ডলার। এর বিপরীতে মাত্র ৩ কোটি ৯০ লাখ ডলার বাংলাদেশী পণ্য থাইল্যান্ডে রফতানি হয়েছে।
থাইল্যান্ডের বিভিন্ন ফলে সাজানো ছিল কয়েকটি স্টল। ছবি: আব্দুল্লাহ আল মমীন
‘টপ থাই ব্র্যান্ডস-২০১৯’ নামে চারদিনের ওই মেলায় ৭২টি প্রতিষ্ঠান বিভিন্ন থাই পণ্যের পসরা নিয়ে অংশ নিচ্ছে।
থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত মেলা আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
থাইল্যান্ডের বিভিন্ন ফলে সাজানো ছিল কয়েকটি স্টল। ছবি: আব্দুল্লাহ আল মমীন
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রাইচক অরুণ পাইরজকুল উপস্থিত ছিলেন।
