২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষির উন্নয়নে প্রাণকে ১২০ কোটি টাকা দিচ্ছে এডিবি

বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিলভান এগ্রিকালচার লিমিটেডকে ১২০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 05:41 PM

Updated : 10 Oct 2022, 09:00 PM

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এডিবি ও সিলভান এগ্রিকালচারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

বুধবার প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিবির কাছ থেকে ১ কোটি ৪২ লাখ ডলারের (প্রায় ১২০ কোটি টাকা) ঋণ সহায়তা পাচ্ছে সিলভান এগ্রিকালচার লিমিটেড।

কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ব্যবসা সম্প্রসারণ ও এর মাধ্যমে কৃষকদের আয় এবং দক্ষতা বাড়াতে এই ঋণ সহায়তা দিচ্ছে এডিবি।

এডিবির এই ঋণ পটেটো চিপস, পটেটো ফ্লেকস ও পাস্তার নতুন প্রোডাকশন লাইন নির্মানে ব্যয় করা হবে। নতুন এই প্রকল্পে ৪৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে; যার অর্ধেক নারী। এতে লিঙ্গ বৈষম্য কমাতে ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এডিবির ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট (প্রাইভেট সেক্টর) তুশনা ডোরা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে কৃষি সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে। এই খাতে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে; যার ফলে দেশটির মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ কৃষি খাতের সুবিধা ভোগ করছে।

তিনি আরও বলেন, কৃষি খাতের উন্নয়নে এডিবি বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগের অংশ হিসেবে সিলভান এগ্রিকালচারকে দ্বিতীয়বারের মতো এই ঋণ দিচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে কয়েক হাজার কৃষকের জীবনমান উন্নত হবে এবং নারীরা এ কাজের সাথে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও আয় বৃদ্ধির সুযোগ পাবেন। 

বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চল হবিগঞ্জে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে পটেটো প্রসেসিং এর নতুন প্রোডাকশন লাইন চালু হলে প্রায় দুই হাজার চুক্তিবদ্ধ কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করা হবে। এই প্রকল্পের আওতায় আলুর নতুন নতুন জাতের উদ্ভাবন, কৃষি জমি বৃদ্ধি ও সিলভান এগ্রিকালচার হতে পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার মাধ্যমে কৃষকদের আয় ৫০ শতাংশ বেড়ে যাবে।

প্রকল্পটি কৃষি খাতে বেসরকারি খাতকে দেয়া এডিবির প্রথম দেয়া ঋনের পুনঃ সহায়তায় অংশ। এর আগে ২০১২ সালে সিলভান এগ্রিকালচারকে লিকুইড গ্লকোজ, কাসাভা থেকে স্টার্চ তৈরির প্রোডাকশন লাইন নির্মাণে ২ কোটি ৫১ লাখ ডলার ঋণ সহায়তা দিয়েছিল এডিবি।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও এডিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল ক্রিস্টোফার থেইম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লিসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাণ গ্রুপ বর্তমানে জুস, বেভারেজ, বেকারি, কনফেকশনারিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫০০ ধরনের খাবার সামগ্রী তৈরি করছে।

বর্তমানে এ গ্রুপে সরাসরি এক লাখের বেশি কর্মী এবং প্রায় এক লাখ চুক্তিভিত্তিক কৃষক রয়েছে।