২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন গুরুত্ব পোল্ট্রিসহ প্রাণিসম্পদে: কৃষিমন্ত্রী

খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর সরকার এখন পোল্ট্রিসহ অন্যান্য পুষ্টিকর প্রাণিসম্পদে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2019, 11:12 PM

Updated : 18 Aug 2022, 04:57 PM

বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম আন্তর্জাতিক পোল্ট্রি শো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর গত দুই মেয়াদে শস্য জাতীয় খাদ্য নিরাপত্তায় গুরুত্ব দিয়েছিল। শস্য খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে অনেক আগেই। আর এখন পোল্ট্রিসহ অন্যান্য প্রাণিসম্পদে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

“এতদিন শুধু ভাতের কথা ভাবা হলেও এখন পুষ্টিসমৃদ্ধ খাদ্যের উপর জোর দিচ্ছে সরকার। আওয়ামী লীগের বিগত নির্বাচনী ইশতেহারেও এ বিষয়টির উল্লেখ আছে।”

দারিদ্র্য বিমোচনে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, “দারিদ্র্য কমানোর ক্ষেত্রে পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতকে কাজে লাগাতে হবে। এই খাতগুলো যত বড় ভূমিকা রাখতে পারবে অন্য কোনো খাত এভাবে ভূমিকা রাখতে পারবে না।”

বাংলাদেশে বর্তমানে ২২ শতাংশ মানুষ দ্রারিদ্র সীমার নিচে বসবাস করছে বলে সরকারি হিসাব।

পোল্ট্রি খাতের প্রবৃদ্ধি বাড়াতে এর বাজারের স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে আব্দুর রাজ্জাক বলেন, বাজারে ডিম ও পোল্ট্রি মুরগির দামে উঠানামা করতে দেখা যায়। অনেক সময় দাম এত কমে যায় যে, খামারি ও উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেক সময় ডিম ও মুরগির দাম অনেক বেড়ে যায়।

“প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজারে স্থিতিশীলতা আনতে হবে। পাশাপাশি বিদেশের বাজারও ধরতে হবে।”

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) তিন দিনের এই প্রদর্শনীর আয়োজক। পোল্ট্রি শিল্প সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম ও সমাধান স্থান পেয়েছে এই প্রদর্শনীতি। 

উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, “পুষ্টি ঘাটতি পূরণে পোল্ট্রি শিল্প আরও বেশি ভূমিকা রাখতে পারে। পোল্ট্রি মুরগির মাংসে কোলস্টেরোলের মাত্রা নেই বললেই চলে। তাছাড়া এর পুষ্টিগুণ অন্য সব ধরনের মাংসের চেয়ে বেশি, দামেও সস্তা।”

বিপিআইসিসি সভাপতি মসিউর রহমান বলেন, এমন কিছু সমস্যা বর্তমানে মোকাবেলা করতে হচ্ছে যা আন্তঃমন্ত্রণালয় বৈঠক ছাড়া সমাধান সম্ভব নয়। ভুট্টাসহ পোল্ট্রি খাদ্য তৈরির বিভিন্ন কাঁচামাল আমদানি এবং বিভিন্ন ভ্যাকসিন আমদানির অনুমতি দিতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

তাছাড়া কাঁচামালের উপর শুল্ক কমানোর দাবি করেন তিনি।