২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৮ লেইন করার দাবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীত করার কাজ শেষ হওয়ার পর এখন তা আট লেইনে করার দাবি এসেছে ব্যবসায়ীদের পক্ষ থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 08:23 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

সোমবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে দেখা করতে গিয়ে এই দাবি জানান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতারা।

ডিসিসিআই সভাপতি ওসামা তাসির বলেন, “ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চল জিডিপিতে ৫০ শতাংশ অবদান রাখার পাশাপাশি ৮৫ শতাংশ সমুদ্রবন্দরভিত্তিক বাণিজ্যের অনুঘটক হিসেকে কাজ করছে।

“তাই এই দুই শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ৮ লেইনে উন্নীত করার প্রস্তাব করছি।”

শেরেবাংলা নগরে মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে দেশের অবকাঠামো ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করা, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো, মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং ১০টি ফার্স্টট্র্যাক প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান ডিসিসিআই নেতারা।

ওসামা তাসির বলেন, “অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সত্বেও বাংলাদেশ প্রতিযোগী দেশসমূহের তুলনায় ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে অনেক পিছিয়ে। এটি বাংলাদেশের প্রকৃত অর্থনৈতিক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

“ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশ ১৭৬তম অবস্থানে। অথচ আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশ ১৬৭তম, পাকিস্তান ১৪৭তম, ভারত ৭৭তম ও শ্রীলংকা ১০০তম অবস্থানে রয়েছে।”

বিদেশি বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়াতে অবকাঠামো খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে ডিসিসিআই।

ওসামা তাসির বলেন, অবকাঠামো উন্নয়নে চীন তাদের জিডিপির ৭ শতাংশ, ভিয়েতনাম ১০ শতাংশ, ভারত ৫ শতাংশ, শ্রীলংকা ৫ শতাংশ এবং ফিলিপিন্স ৫ শতাংশ ব্যয় করছে। অথচ বাংলাদেশ মাত্র ৩ দশমিক ৬৪ শতাংশ ব্যয় করছে।

“আমাদের সমন্বিত অবকাঠামো উন্নয়নের জন্য এখাতে বাজেট বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করতে হবে।”

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জেটির আধুনিকায়নে যন্ত্রপাতি স্থাপনের সুপারিশ করেন তিনি।

ডিসিসিআই সভাপতি বলেন, “পায়রা গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি মহেশখালী গভীর সমুদ্রবন্দর নির্মাণ বাংলাদেশের আঞ্চলিক ও উপআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। তাই সমুদ্র পরিবহণ ব্যয় কমাতে মহেশখালী গভীর সমুদ্র বন্দর প্রকল্প গ্রহণ করে দ্রুত বাস্তবায়নের প্রস্তাব করছি।”

উচ্চ আয়ের দেশে যেতে প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর জোর দেওয়ার পাশাপাশি সরকারকে খাতভিত্তিক গবেষণা কাজ শক্তিশালী করার পরামর্শ দেন ওসামা তাসির।

তাদের কথা শুনে মন্ত্রী বলেন, “আমাদের ব্যবসার পরিবেশ আফগানিস্তানের চেয়ে কেন খারাপ, তা আমাদের ভাবত হবে। আমরা এখন উন্নয়ন কাজের মান বাড়ানোর জন্য সরেজমিন গিয়ে পরিদর্শন করার পাশাপাশি সমস্যা চিহ্নিত করছি।”

গবেষণার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও তিনি ব্যবসায়ীদের জানান।