এলপিজি সামিট রোববার থেকে
সাউথ এশিয়া এলপিজি সামিট রোববার শুরু হচ্ছে।
দুই দিনের এই সম্মেলনে ৮০ টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের এলপিজি সম্পর্কিত সর্বশেষ প্রযুক্তি ও তথ্য উপস্থাপন করবে।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে হবে এ সম্মেলন। এতে প্রায় ২০০ জন বিদেশী প্রতিনিধি অংশগ্রহন করবেন। সকাল ৯টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই সামিটের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এলপিজি অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এ সম্মেলনের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার সকাল ৯টায় উদ্বোধন হবে সাউথ এশিয়া এলপিজি সামিটের। উদ্বোধন করবেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জ্বালানী ও খনিজ সম্পদ সচিব আবু হেনা মোঃ রহমতুল মুনিম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান সামছুর রহমান, ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিআিই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি শেখ ফজলে ফাহিম এবং লোয়াবের সভাপতি আজম জে চৌধুরী।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে এলপিজি শিল্পের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরা।
৪ মার্চ সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ওয়ার্ল্ড এলপিজি এসোসিয়েশনের পরিচালক ডেভিড টেইলর।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এলপিজি সামিটের (সিঙ্গাপুর) পরিচালক নিয়েছা নি লিয়াথিয়ান, এলপিজি সামিটের কমিউনিকেশনস ম্যানেজার রিয়ান পাসুপাথি এবং গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপক ইখতিয়ার হোসেন।
