২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা

প্রযুক্তিগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আরো কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে নিজেদের কর্মকর্তাদের জন্য কর্মশালা আয়োজন করেছে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 05:00 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট -বিএফআইউই এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ‘টেকনলোজিক্যাল ইনোভেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন এএমএল অ্যান্ড সিএফটি প্র্যাকটিসেস ইন এমএফএস’ শীর্ষক এই কর্মশালা আয়োজন করে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।  

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ এর প্রধান আবু হেনা মোঃ রাজি হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআইউ এর জয়েন্ট ডিরেক্টর মাসুদ রানা।

বিকাশ, বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের ১২৫ জন কর্মকর্তা দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করেন।

কর্মশালায়  আবু হেনা মোঃ রাজি হাসান তার বক্তব্যে প্রযুক্তিগত উদ্বাবনের সহায়তায় মোবাইল আর্থিক খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন। 

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের  মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি আরো সুনিদিষ্টভাবে প্রতিরোধ করতে সক্ষম করে তুলবে।

“ বিকাশ বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে এএমএল অ্যান্ড সিএফটি সংক্রান্ত বিধিমালা সম্পূর্ণভাবে পরিপালন করছে এবং এক্ষেত্রে বিকাশ প্রতিজ্ঞাবদ্ধ।”

বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অ্যান্ড চিফ অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল(অবঃ) শেখ মোঃ মনিরুল ইসলাম কর্মশালাটি পরিচালনা করেন।

বিকাশের চিফ টেকনোলজি অফিসার মোহম্মদ আজমল হুদা ভবিষ্যতে মানি লন্ডারিং প্রতিরোধে যেসব প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহার করা হবে সেগুলো সম্পর্কে অবহিত করেন।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন-আইএফসি, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন  এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ।

২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের মোবাইল/ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে বিকাশ।