২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমের সঙ্গে মুরগির দামও বেড়েছে

কিছু দিন ধরে চড়তে থাকা ডিমের দাম আরও কিছুটা বেড়ে ডজন ১০০ টাকা ছাড়িয়েছে; তার সঙ্গে যোগ হয়েছে ব্রয়লার মুরগির দাম-সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে এর কেজি এখন ১৬০ টাকায় উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2019, 07:28 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

পাশাপাশি পেঁয়াজ-রসুনের দামও কিছুটা বেড়েছে। তবে স্থিতিশীল আছে চাল-ডাল, মসলাসহ অন্যান্য নিত্যপণের দাম।

শুক্রবার রাজধানীর বড়বাগ, পীরেরবাগ ও কারওয়ানবাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই চিত্র পাওয়া যায়।

এদিন ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ১০৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। আর হাঁসের ডিমের দাম ডজন দেড়শ টাকা।

অনেক দিন ধরে ডিমের দাম বাড়তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক ক্রেতা। ডিম ও ব্রয়লার মুরগির দাম বাড়ার পেছনে কারসাজি আছে বলে মনে করেন আবদুর রহিম নামে তাদের একজন।

কারওয়ানবাজারে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক মাস ধরে ডজন ১০০ টাকা দামে ডিম কিনতে হয়েছে। দাম কমার পরিবর্তে এখন ডজনে আরও ৫ টাকা করে বেড়েছে। অথচ শীতের শুরুতেও ডিম প্রতি ডজন ৭৫ টাকা থেকে ৮০ টাকায় পাওয়া গিয়েছিল।

“তাহলে একটি পণ্যের দামে এত হেরফের হবে কেন?”

কারওয়ানবাজারে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। খামারে উৎপাদান কমে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে দাবি করছেন বিক্রেতারা।

এদিকে সপ্তাহের ব্যবধানে আমদানি করা রসুনের দাম পাইকারিতে ১৫ টাকা করে বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৮০ টাকায়, খুচরায় রসুনের দাম ৯০ টাকা থেকে ১০০ টাকা। মূলত দুই সপ্তাহ ধরে রসুনের দামে নড়াচড়া শুরু হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

করাওয়ান বাজারে পাইকরি মসলা বিক্রেতা মো. সাগর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে দীর্ঘদিন আমদানি রসুনের সংকট। ঢাকার অন্যতম পাইকারি বাজার শ্যামবাজারেও সব আড়তদারের কাছে রসুন নেই। যাদের কাছে আছে তারা বাড়তি দামে রসুন বিক্রি করছেন, যার প্রভাব পড়েছে বাজারে।

তবে দেশি রসুন আগের মতোই কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে খুচরায়।

বাজারে নতুন মওসুমের চিচিঙ্গা, করলা, বরবটি, ঝিঙা পাওয়া যাচ্ছে। কারওয়ান বাজারে এসব পণ্য প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পীরেরবাগ, বড়বাগসহ অন্যান্য প্রান্তিক কাচাবাজারগুলোতে চিচিঙ্গা ও করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়।

তবে টমেটো, ফুল কপি, বাঁধা কপি, শালগম আগের মতোই প্রতিকেজি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে চলতি সপ্তাহে।

কারওয়ান বাজারে সবজি বিক্রেতা শামসুদ্দিন বলেন, গত কয়েক দিনে অসময়ের ভারি বর্ষণে দেশের বিভিন্ন প্রান্তে সবজি চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঢাকায় সবজির সরবরাহও কমে গেছে। ফলে সবজির দাম বাড়তি।

বাজারে দীর্ঘদিন ধরেই স্থিতিশীল আছে হলুদ, মরিচ ও অন্যান্য গরম মসলা। খোলা হলুদ ও মরিচের গুঁড়ার কেজি ২০০ টাকা।

তবে সম্প্রতি এলাচের দাম কেজিতে অন্তত দুইশ টাকা বেড়ে ১৮০০ টাকায় পৌঁছেছে বলে জানান খুচরা বিক্রেতা মো. কাউসার।

এছাড়া আগের মতো লবঙ্গ প্রতি কেজি ১২০০ থেকে ১৬০০ টাকা, দারুচিনি ৩০০ টাকা থেকে সাড়ে তিনশ টাকা, আদা ৯০ থেকে ১০০ টাকা, জিরা সাড়ে তিনশ থেকে সাড়ে চারশ টাকায় বিক্রি হচ্ছে।

রুই মাছের কেজি আগের মতোই মানভেদে ২৪০ টাকা থেকে ২৮০ টাকার মধ্যে এবং কাতল মাছ ৩০০ টাকা থেকে ৩২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

কিন্তু রূপচাঁদা মাছ প্রতি কেজি ৮০০ টাকা, বোয়াল মাছ ৭৫০ টাকা, শিং মাছ ৪০০ টাকা থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের দাম আগের চেয়ে বেড়েছে।

কারওয়ানবাজার ও বড়বাগে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের এক জোড়া ইলিশ বিক্রি হয় ১৩০০ থেকে ১৪০০ টাকায়, যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল সর্বোচ্চ ১২০০ টাকায়।