কোকা-কোলার ‘মাথা নষ্ট’ বন্ধে হাই কোর্টে রিট
কোমল পানীয়ের ব্র্যান্ড কোকা-কোলার বোতলের মোড়কে চরম, মাথা নষ্ট, জটিল, বাবু, ঢিলা, ফাঁপর, জান, গুটি, গাব, আগুন, কড়া, অস্থির, পার্ট, প্যারা, ব্যাপক, যা-তা’র মতো শব্দ ব্যবহার বন্ধে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ থেকে অনুমতি নিয়ে বুধবার আদালতের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান রানা।
আবেদনকারীর আইনজীবী হিসেবে আছেন চন্দন চন্দ্র সরকার।
রিট আবেদনে কোমল পানীয় কোকা-কোলার বোতলের বিজ্ঞাপনে এসব শব্দের ব্যবহার কেন বেআইনি ও আইনগত কর্তৃত বহির্ভূত হবে না, মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
তথ্য সচিব, শিল্প সচিব, সংস্কৃতি সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে এতে।
মনিরুজ্জামান রানা সাংবাদিকদের বলেন, “এ শব্দগুলো বোতলে বিজ্ঞাপন দিয়ে তারা প্রচার করছে। এটা আপত্তিকর। আমরা চাই এ ধরনের ব্যবহার থেকে বিরত থাকতে। কারণ একটা শিশু দোকানে গিয়ে বলছে ‘আমাকে একটা প্যারা দেন’, ‘একটা মাথা নষ্ট দেন’। এটার খারাপ প্রভাব পড়ছে। তাই এটার ব্যবহার বন্ধ করতে হবে। এ কারণেই রিট আবেদনটি করা হয়েছে।”
রোববার রিট আবেদনটির শুনানি হওয়ার আশা করছেন এ আইনজীবী।
এরপর বড় হরফে ‘জটিল, চরম, মাথা নষ্ট, বাবু, ঢিলা, ফাঁপর, জান, গুটি, গাব, আগুন, কড়া, অস্থির,পার্ট, প্যারা, ব্যাপক, যা-তা’ শব্দের ব্যবহার করা হয়েছে। এর নিচে লেখা আছে, ব্যবহৃত শব্দটির চলতি অর্থ।
অর্থাৎ শব্দটি যদি ‘প্যারা’ হয় তবে ‘প্রচলিত অর্থ: অত্যাধিক ঝামেলা’ লেখা হয়েছে।
কোকা-কোলার ফেসবুকে পেইজে ‘বাংলা এখন বাংলা তখন’ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়ে বলা হয়েছে,
“বাংলা শব্দের পুরনো আর নতুন অর্থের মাঝে দূরত্ব কমাতেই কোকা-কোলা পরিবেশিত - বাংলা এখন বাংলা তখন বিতর্ক প্রতিযোগীতা।
খুবই শীগ্রই আসছে আপনার ক্যাম্পাসে।
ভাষা নিয়ে তর্কে-বিতর্কে এবার হবে শব্দযুদ্ধ!”
