২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ টাকা লিটারে এলপিজি বিক্রি করবে ওমেরা

যানবাহনের জন্য ৪২ টাকা লিটার দরে এলপিজি বিক্রি করবে ওমেরা গ্যাস ওয়ন লিমিটেড। এতোদিন ৫০ টাকা দরে এই গ্যাস বিক্রি করত প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 06:28 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

বুধবার রাজধানীর গুলশানে ইস্ট কোস্ট গ্রুপের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা তোসিওকি শিম্বরি এ ঘোষণা দেন।

১ মার্চ শুক্রবার থেকে নতুন দরে গ্যাস বিক্রি করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তোসিওকি শিম্বরি বলেন, “আমরা যানবাহনের জন্য সরবরাহকৃত এলপিজি লিটারে ৫০ টাকা থেকে ৮ টাকা কমিয়ে ৪২ টাকায় সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমরা আমাদের দশটি গ্যাস স্টেশন থেকে ২৪ ঘন্টা এই দামে এলপিজি সরবারহ করব।”

সংবাদ সম্মেলনে ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক তানভীর আজম চৌধুরী বলেন, “যানবাহনকে পেট্রোল চালিত থেকে এলপিজি চালিততে কনভার্ট করতে ৫০ থেকে ৫৫ হাজার টাকা লাগে। যা সিএনজি কনভার্শনের অর্ধেক।”

এছাড়া এলপিজিতে সিএনজি থেকে কম খরচে বেশি দূর যাওয়া যায় বলে দাবি করেন তিনি।

ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ওমেরা গ্যাস ওয়ন লিমিটেড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে যানবাহনের জ্বালানি হিসেবে এলপিজির (অটো গ্যাস) ব্যবহার উৎসাহিত করতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য এই গ্যাস সহজলভ্য করতে আরও স্টেশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমানে সারা দেশে ১০টি গ্যাস স্টেশনের মাধ্যমে যানবাহনে এলপিজি সরবরাহ করছে ওমেরা ।

স্টেশনগুলো হচ্ছে- ঢাকার মহাখালীতে ক্লিনফুয়েল ফিলিং স্টেশন, আসাদগেটে সোনার বাংলা সার্ভিস স্টেশন, গাজীপুরের শ্রীপুরে পার্কেসাইন প্রোডাক্টস, ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এস রহমান ফিলিং স্টেশন, বগুড়ার শাহজাহানপুরে ইসি ডিস্ট্রিবিউশন, রাজশাহীর কুমরাপাড়ায় গুল গুফর পেট্রোলিয়াম, চট্টগ্রামে খুলশীতে খুলশী সিএনজি ফিলিং স্টেশন, যশোরের গাজীর দরগায় দরগা ফিলিং স্টেশন, সাতক্ষীরার আলিপুরে সোনালী ফিলিং স্টেশন এবং কক্সবাজার মেইন রোডে হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশন।

চলতি বছরের মধ্যে আরও ৫০টি স্টেশন চালু করা হবে বলে ওমেরার কর্মকর্তারা জানান।