রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাধা দূরে মার্চেই এমওইউ: মন্ত্রী
রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগামী মার্চ নাগাদ দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বারক সই হতে যাচ্ছে বলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনোটভের সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের সাথে রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের। কিছু জটিলতার কারণে বাংলাদেশের সাথে রাশিয়ার বাণিজ্য আশানরূপ বৃদ্ধি পায়নি। পাঁচটি দেশ মিলে রাশিয়ায় ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন রয়েছে।
“বাণিজ্য লেনদেন এককভাবে কোনো দেশ করতে পারে না। সে কারণেই রাশিয়ার সাথে বাংলাদেশ একটি এমওইউ স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী মার্চ মাসের শেষে বাণিজ্য ক্ষেত্রে জটিলতা দূর করতে এ এমওইউ স্বাক্ষর করা হবে। এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেল চালু হবে। বাণিজ্যের জন্য বাজার উন্মুক্ত হবে। তখন আর কোনো বাণিজ্য জটিলতা থাকবে না।”
রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, সি-ফুড, আলু, ওষুধ প্রভৃতি পণ্যের বিপুল চাহিদা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “এমওইউ স্বাক্ষর করার পর বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে এবং রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। রাশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বাড়ছে।”
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, “আগামী মার্চ মাসে উভয় দেশের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হলে সব বাণিজ্য জটিলতা দূর হবে। রাশিয়া বাংলাদেশের জন্য বড় রপ্তানি বাজার। রাশিয়া বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সর্ম্পক বৃদ্ধি করতে আগ্রহী।”
এরপর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারইউজের সঙ্গে বৈঠক করেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের তৈরি পোশাকের গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। গত অর্থবছরে নেদারল্যান্ডসে বাংলাদেশের পণ্য রপ্তানি ছিল ১২০৫ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি হয়েছে ২৩১ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
পোশাক কারখানার উন্নয়নে বিনিয়োগ ও শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “বিনিয়োগ বাড়লেও সে তুলনায় তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি পায়নি। তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নির্ধারণ করা প্রয়োজন।”
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
