ইন্দোনেশিয়ার সঙ্গে পিটিএ চুক্তি হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট বা পিটিএ চুক্তি করবে সরকার। ইন্দোনেশীয়দের জন্য বাংলাদেশের ভিসা সহজ করার পদক্ষেপও নেবে।
বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। ইন্দোনেশিয়াও চায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে।
“উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়াতে প্রিফারেন্সিয়াল ট্রেড এগিমেন্ট (পিটিএ) স্বাক্ষরের জন্য কার্যক্রম চলছে। ভিসা ইস্যুর ক্ষেত্রে কিছু জটিলতা আছে, সেগুলো নিরসনে উদ্যোগ নেওয়া হবে।”
তিনি বলেন, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাকসহ অনেক পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজ লাগাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৈঠকে ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা বলেন, বাংলাদেশ-ইন্দোনেশিয়ার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া।
বাংলাদেশে আসার ক্ষেত্রে ইন্দোনেশিয়ানরা কিছু ভিসা জটিলতায় পড়েন উল্লেখ করে তিনি বলেন, ইন্দোনেশিয়ার পর্যটকরা বাংলাদেশ আসতে চায়। এ জন্য ভিসা জটিলতা নিরসন করা প্রয়োজন।
