চিনিকলের কাছে আখ চাষীদের পাওনা আড়াইশ কোটি টাকা
আখের দাম বাবদ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) কাছে আখ চাষীদের বকেয়া পাওনা দাঁড়িয়েছে আড়াইশ কোটি টাকা।
এই বকেয়া পরিশোধ না করলে পরবর্তী মওসুমে আখ সরবরাহ হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের নেতারা।
বুধবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে দেখা করে তারা এই পরিস্থিতির কথা জানিয়ে এসেছেন। মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে এই বৈঠক হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আখ চাষী ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলে আখ সরবরাহ করেন কয়েক লাখ চাষী। কিন্তু তারা আখের দাম হাতে পাচ্ছেন না। ফলে তারা আখ চাষের উৎসাহ হারাচ্ছেন।
বকেয়া টাকা হাতে না পেলে চলতি বছরের শেষে পরবর্তী মাড়াই মওসুমে চিনিকলগুলোতে আখ পাওয়া কঠিন হয়ে উঠবে বলে সতর্ক করেন ফেডারেশেনের নেতারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আখ চাষিদের বকেয়া পাওনা পরিশোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে শিল্পমন্ত্রী বৈঠকে আশ্বাস দেন।
এই পরিস্থিতিতে বছরের পর বছর ধরে লোকসান দিয়ে যাচ্ছে সরকারি চিনিকলগুলো। কেবল ২০১৭-২০১৮ অর্থবছরেই লোকসান হয়েছে সাড়ে ৬০০ কোটি টাকার মত। ফলে চাষিদের কাছ থেকে কেনা আখের মূল্যও পরিশোধ করতে পারছে না সরকারি চিনিকলগুলো।
মন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘দেশীয় চিনি শিল্প রক্ষার স্বার্থে’ বিদেশ থেকে চিনির কাঁচামাল আমদানিরতে শুল্ক বাড়ানোর দাবি জানান ফেডারেশনের নেতারা।
তারা বলেন, ‘র’ সুগার আমদানির ক্ষেত্রে রিফাইনারিতে পরিশোধিত চিনির ৬০ শতাংশ রপ্তানির নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। আমদানি কাঁচামাল থেকে পাওয়া পরিশোধিত চিনির শতভাগ দেশেই বাজারজাত করা হচ্ছে। ফলে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো উৎপাদিত চিনির উপযুক্ত দাম পাচ্ছে না।
শিল্পমন্ত্রী বৈঠকে বলেন, সরকার কৃষিভিত্তিক শিল্প হিসেবে চিনি শিল্পের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে ‘সিন্ডিকেটের মাধ্যমে চিনির বাজারদর নিয়ন্ত্রণের’ বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, চিনিকল আখ চাষী ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, সিনিয়র সহসভাপতি সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী বাদশা, সহসভাপতি মো. মোসলেম উদ্দিন ও মো. জিন্নাত আলী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু, সহ সাধারণ সম্পাদক মো. ওসমান গণি মোল্যা ও সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ইয়াসিন আলী এবং শিল্প মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব বেগম পরাগ বৈঠকে উপস্থিত ছিলেন।
